আলজাজিরা
আঞ্চলিক চলমান সঙ্ঘাত থেকে দেশকে মুক্ত রাখাই বাগদাদের প্রধান লক্ষ্য জানিয়ে ইরাকের প্রেসিডেন্ট নিজার আমিদি বলেছেন, দেশের ভূখণ্ড ব্যবহার করে কোনো প্রতিবেশীর বিরুদ্ধে আক্রমণ চালাতে দেয়া হবে না। তিনি উল্লেখ করেন, ইরাকের মাটি ব্যবহার করে আঞ্চলিক কোনো রাষ্ট্রের ওপর হামলা চালানোর কোনো যৌক্তিকতা নেই।
অষ্টম বাগদাদ সংলাপে দেয়া বক্তব্যে ইরাকি প্রেসিডেন্ট জানান, দেশটির বেশির ভাগ সশস্ত্র গোষ্ঠী নিজেদের অস্ত্র রাষ্ট্রের নিয়ন্ত্রণে দেয়ার ব্যাপারে সম্মতি প্রকাশ করেছে। তবে যে দুই-তিনটি গোষ্ঠী এখনো প্রক্রিয়ার বাইরে রয়েছে, তাদের সাথে আলোচনা অব্যাহত রাখা হয়েছে। দেশের সংবিধানে অস্ত্রের একক নিয়ন্ত্রণ সরকারের হাতে থাকার কথা স্পষ্টভাবে উল্লেখ রয়েছে এবং এই নীতিকে নাজাফের প্রভাবশালী ধর্মীয় কর্তৃপক্ষ সমর্থন জানিয়েছে। প্রেসিডেন্ট আমিদি সতর্ক করে বলেন, মধ্যপ্রাচ্যের বিদ্যমান যুদ্ধে ইরাককে জড়িয়ে ফেলার তীব্র ঝুঁকি রয়েছে, যার প্রত্যক্ষ প্রভাব ইতোমধ্যেই দেশের ওপর পড়তে শুরু করেছে।
আন্তর্জাতিক সমুদ্রপথ হরমুজ প্রণালীর উদ্ভূত পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ জানিয়ে তিনি বলেন, এই গুরুত্বপূর্ণ নৌপথের বর্তমান সঙ্কট পুরো বিশ্ব অর্থনীতির ওপর প্রভাব ফেলছে। এ বিষয়ে ইরান সরকারের সাথে বাগদাদের জটিল আলোচনা চলছে। বর্তমানে ইরাকি তেলবাহী জাহাজ চলাচলে প্রয়োজনীয় সহায়তার পাশাপাশি এই যুদ্ধ নিরসনে যুক্তরাষ্ট্র একটি কূটনৈতিক সমঝোতায় পৌঁছাবে বলে আশাবাদ প্রকাশ করেন তিনি।



