রাজপথে মৃত্যুর হানা

বাবা-ছেলেসহ ৪ জেলায় পাঁচজন নিহত

Printed Edition

নয়া দিগন্ত ডেস্ক

ঢাকার নবাবগঞ্জে ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী বাবা-ছেলে নিহত হয়েছেন। এ ছাড়া ব্রাহ্মাণবাড়িয়ার নবীনগরে, বগুড়ার দুপচাঁচিয়া ও চট্টগ্রামের বাঁশখালীতে পৃথক সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ আরো তিনজনের মৃত্যু হয়েছে।

নবাবগঞ্জে বাবা-ছেলের মৃত্যু

দোহার (ঢাকা) সংবাদদাতা জানান, ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু হয়েছে।

গতকাল দুপুরে ঢাকা-বান্দুরা আঞ্চলিক মহাসড়কের হাড়ভাঙ্গা ব্রিজের ঢালে এ ঘটনা ঘটে। নিহত বাবা-ছেলে মোটরসাইকেল আরোহী ছিলেন। তারা হলেন- উপজেলার নয়নশ্রী ইউনিয়নের চর শৈল্যা গ্রামের মৃত সালাম মৃধার ছেলে হারুণ অর রশিদ (৪৫) ও তার একমাত্র ছেলে সাদ চৌধুরী (১৪)।

নবীনগরে শিশুর মৃত্যু

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা জানান, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কৃঞ্চনগর ইউনিয়নের দৌলতপুর গ্রামে রাস্তা পারাপারের সময় অটোরিকশা ধাক্কায় ইউসুফ (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে নবীনগর পূর্ব ইউনিয়ন বগডহর গ্রামের প্রবাসী হেদায়েতুল্লাহ একমাত্র ছেলে ।

জানা গেছে, ইউসুফ ঈদের দুই দিন পর নানা হামিদ মিয়ার বাড়ি দৌলতপুর বেড়াতে যান। গতকাল সকালে তিতাস নদীতে গোছল করতে গিয়ে রাস্তা পারাপারের সময় একটি অটোরিকশা পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়।

দুপচাঁচিয়ায় দুই ট্রাক চালক নিহত

দুপচাঁচিয়া (বগুড়া) সংবাদদাতা জানান, বগুড়ার দুপচাঁচিয়ায় মাল বোঝাই দু’টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আনোয়ার হোসেন (৪২) নামের এক চালক নিহত হয়েছেন। তিনি নওগাঁর পতœীতলা উপজেলার হাসানদেবপুর গ্রামের মৃত সালাউদ্দিনের ছেলে। এ ঘটনায় তার সহকারী হৃদয় (২৫) গুরুতর আহত হয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বুধবার রাত ৩টায় বগুড়া-নওগাঁ মহাসড়কের দুপচাঁচিয়ার তিষীগাড়ী নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, নওগাঁ থেকে একটি আম বোঝাই ট্রাক বগুড়ার দিকে যাচ্ছিল। ট্রাকটি ওই স্থানে পৌঁছলে বগুড়া থেকে নওগাঁগামী বালুবোঝাই একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দু’টি ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং আমবোঝাই ট্রাকের চালক আনোয়ার হোসেন ও সহকারী হৃদয় গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সে নিয়ে এলে চিকিৎসক চালক আনোয়ারকে মৃত ঘোষণা করেন এ ছাড়া সহকারী হৃদয়ের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল (শজিমেকে) পাঠানো হয়।

বাঁশখালীতে যুবকের মৃত্যু

বাঁশখালী (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, বাঁশখালীতে পুলিশের ধাওয়া খেয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় মোহাম্মদ শহীদ (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১৭ জুন) দুপুরে শীলকূপ ইউপির মহল্লাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এই ঘটনায় আরিফ আবদুল্লাহ (২৫) নামে আরো এক মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন। তাদের উভয়ের বাড়ি কক্সবাজার।

স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, নাপোড়া বাজারের উত্তর পাশে এসআই জামাল হোসেনের নেতৃত্বে পুলিশের চেকপোস্টে সঙ্কেত দেয়া হলে মোটরসাইকেলটি না থেমে একটি ব্যাগ ফেলে যায়। ব্যাগটি উদ্ধার করা হলে সেখানে বিপুল ইয়াবা পাওয়া যায়। পরে ইয়াবাসহ ব্যাগটি জব্দ করে পুলিশ মোটরসাইকেলটিকে ধাওয়া করে। এ সময় পুলিশের ধাওয়া খেয়ে মোটরসাইকেলটি টাইমবাজার টু গণ্ডামারা রোডে ঢুকে গতিরোধকে ধাক্কা খেয়ে পড়ে গেলে দুই আরোহীই গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে চমেক হাসপাতালে নেয়ার পথে মোহাম্মদ শহীদ মারা যান। আহত আরিফ আবদুল্লাহও আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন আছেন।