নিজস্ব প্রতিবেদক
দৈনিক নয়া দিগন্তের জয়দেবপুর সংবাদদাতা আব্দুল আজিজের ওপর হামলা এবং বনভূমি জবরদখলের প্রতিবাদে গাজীপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। হামলায় অভিযুক্ত ভাওয়ালগড় ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আরাফাত রহমান রাসেলকে দলীয় পদ থেকে বহিষ্কার ও তার সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এ কর্মসূচি পালন করা হয়।
গাজীপুর সদর উপজেলা প্রেস ক্লাব এবং জেলায় কর্মরত সাংবাদিকদের পৃথক দু’টি ব্যানারে গতকাল শনিবার বেলা ১১টা এবং দুপুর ১২টায় গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রতিবাদ কর্মসূচিতে গণমাধ্যমকমীরা ছাড়াও বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, স্বাধীন সাংবাদিকতা ও আইনের শাসন নিশ্চিত করতে সাংবাদিকদের ওপর হামলা ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনা কোনোভাবেই মেনে নেয়া যায় না। বক্তারা অবিলম্বে অভিযুক্ত যুবদল নেতা রাসেলসহ হামলার সাথে জড়িত সবাইকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান। একই সাথে সরকারি বনভূমি জবরদখলের অভিযোগের সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক জসীম উদ্দীন, গাজীপুর সাংবাদিক পরিষদের সভাপতি মুজাহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান সবুজসহ, শ্রীপুর সাংবাদিক সমিতির সাংগঠনিক সম্পাদক এস এম জহিরুল ইসলামসহ স্থানীয় সাংবাদিক নেতারা।



