রয়টার্স
যুক্তরাষ্ট্রের ইতিহাসের ভয়াবহতম সন্ত্রাসী হামলা ‘৯/১১’-এর ২৫ বছরপূর্তিতে শোক ও শ্রদ্ধার সাথে প্রায় তিন হাজার নিহতকে স্মরণ করেছে মার্কিন জনগণ। শুক্রবার নিউ ইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার (গ্রাউন্ড জিরো), পেন্টাগন ও পেনসিলভানিয়ার দুর্ঘটনাস্থলে আয়োজিত স্মারক অনুষ্ঠানে হামলায় নিহত দুই হাজার ৯৭৭ জন এবং ১৯৯৩ সালের বোমা হামলায় মৃত ছয়জনের নাম পাঠ ও নীরবতা পালন করা হয়। নিউ ইয়র্কের লোয়ার ম্যানহাটনে আয়োজিত প্রধান স্মৃতিসভায় তৎকালীন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশসহ প্রাক্তন চার প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি নিহতদের পরিবারের সদস্যদের সাথে অংশ নেন।
পেন্টাগনে আয়োজিত স্মারক সভায় শ্রদ্ধা জানান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২৫ বছর ধরে এই ট্র্যাজেডির ক্ষত বহন করছেন স্বজন ও উদ্ধারকারীরা। হামলার দিন ৩৪৩ জন অগ্নিনির্বাপক কর্মী প্রাণ হারালেও, বিষাক্ত ধোঁয়া ও রাসায়নিকের প্রভাবে পরবর্তীতে ব্যাধি আক্রান্ত হয়ে আরো ছয় শতাধিক ফায়ারফাইটার মারা গেছেন, যার মধ্যে চলতি বছরই মারা যান ২৬ জন। এই ঐতিহাসিক ঘটনাটি পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতি, বিশ্বজুড়ে ‘সন্ত্রাসবিরোধী যুদ্ধ’ এবং মুসলিমদের ওপর সামাজিক দৃষ্টিভঙ্গিতে স্থায়ী প্রভাব ফেলেছে। তবে কোয়ার্টার সেঞ্চুরি পেরিয়েও স্বজন হারানো পরিবারগুলোর কাছে এটি প্রিয়জনকে না পাওয়ার এক দীর্ঘশ্বাসের দিন।



