নিজস্ব প্রতিবেদক
হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা শাইখ সাজিদুর রহমান বলেছেন, শাপলা চত্বরের নৃশংস গণহত্যা, মোদিবিরোধী আন্দোলনের শহীদদের রক্ত এবং চব্বিশের জুলাই গণহত্যা কোনোটিই বৃথা যেতে দেয়া হবে না। ফ্যাসিবাদের দোসর খুনি ওবায়দুল মুক্তাদির চৌধুরীসহ সব আওয়ামী সন্ত্রাসীকে দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। ইতোমধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২০১৩ সালের শাপলা চত্বরের গণহত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। আমরা এ ট্রাইব্যুনালের মাধ্যমে সব অপরাধীর দৃষ্টান্তমূলক ফাঁসি দাবি করছি।
হেফাজতে ইসলাম ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে গতকাল এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। ২০১৩ সালের শাপলা চত্বরের গণহত্যা, মোদিবিরোধী আন্দোলনে সংঘটিত হত্যাকাণ্ড এবং গত জুলাইয়ের গণহত্যার দায়ে সাবেক সংসদ সদস্য ওবায়দুল মুক্তাদির চৌধুরীসহ আওয়ামী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলাম ব্রাহ্মণবাড়িয়া জেলা সভাপতি ও কেন্দ্রীয় নায়েবে আমির মুফতি মুবারকুল্লাহ। আরো বক্তৃতা করেন- হেফাজতের ব্রাহ্মণবাড়িয়া জেলা সেক্রেটারি মাওলানা আলী আজম, কেন্দ্রীয় সদস্য মাওলানা তানভিরুল হক ভূঁইয়া, জেলা সিনিয়র সহসভাপতি মুফতি বুরহান উদ্দীন কাসেমীসহ স্থানীয় নেতারা।



