সিলেট ব্যুরো
ঐক্য প্রতিষ্ঠায় ত্যাগের মানসিকতা ও উদারতার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম।
গত সোমবার দুপুরে কেন্দ্র ঘোষিত গণসংযোগ দশকের অংশ হিসেবে সিলেট মহানগর জামায়াতের ওলামা বিভাগের উদ্যোগে জালালাবাদ থানার বিভিন্ন মাদরাসার শিক্ষক, আলেম, মসজিদের ইমাম ও খতিবদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ফখরুল ইসলাম বলেন, ভ্রাতৃত্ব, ঐক্য ও সংহতি ইসলামের গুরুত্বপূর্ণ শিক্ষা। মতপার্থক্য থাকলেও বিভেদ ও কলহে জড়ানো উচিত নয়। ত্যাগ ও উদারতার মাধ্যমে পারস্পরিক ঐক্য ও সংহতি আরো সুদৃঢ় করা প্রয়োজন। ওলামা বিভাগ জালালাবাদ থানার সভাপতি মুহাদ্দিস মাওলানা হাবিবুল্লাহর সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা শওকত আলীর ব্যবস্থাপনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন মহানগর কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম মাদানী ও ওলামা বিভাগের সেক্রেটারি মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার।



