ফায়ার সার্ভিসের বরখাস্ত চালকের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ

Printed Edition
বরখাস্তকৃত গাড়ি চালক সাখাওয়াত হোসেনের আলিশান বাড়ি	: নয়া দিগন্ত
বরখাস্তকৃত গাড়ি চালক সাখাওয়াত হোসেনের আলিশান বাড়ি : নয়া দিগন্ত

উজিরপুর (বরিশাল) সংবাদদাতা

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাময়িক বরখাস্তকৃত গাড়িচালক সাখাওয়াত হোসেনের বিরুদ্ধে নিয়োগ ও বদলি বাণিজ্য, জালিয়াতি, ক্ষমতার অপব্যবহার এবং অস্বাভাবিক সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে। অভিযোগগুলোর বিষয়ে তদন্ত করছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।

অনুসন্ধানে জানা যায়, বরিশালের উজিরপুর উপজেলার কেশবকাঠি গ্রামে প্রায় দুই বিঘা জমির ওপর সাখাওয়াতের একটি নির্মাণাধীন ডুপ্লেক্স বাড়ি রয়েছে। স্থানীয়দের দাবি, বাড়িটি নির্মাণে কয়েক কোটি টাকা ব্যয় হয়েছে। এ ছাড়া রাজধানীর বছিলায় প্রায় তিন হাজার ৫০০ বর্গফুটের একটি ফ্ল্যাট, শেওড়াপাড়ায় আরেকটি ফ্ল্যাট এবং বরিশাল নগরের আলেকান্দা এলাকায় তার নামে জমি থাকার অভিযোগ রয়েছে।

ফায়ার সার্ভিসের একাধিক কর্মকর্তা ও সংশ্লিষ্ট সূত্রের দাবি, দীর্ঘদিন ধরে তিনি নিয়োগ ও বদলি বাণিজ্যের সাথে জড়িত ছিলেন।

অধিদফতরের নথি অনুযায়ী, চাকরির শুরুতে ভুয়া ড্রাইভিং লাইসেন্স জমা দেয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হয়। পরবর্তীতে চাকরি দেয়ার নামে অর্থ লেনদেন এবং সর্বশেষ নিয়োগ কার্যক্রমে অনিয়মের অভিযোগ ও বদলিকৃত কর্মস্থলে যোগ না দেয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল বলেন, সাখাওয়াত হোসেনের বিরুদ্ধে উঠা অভিযোগ গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় বিভাগীয় ও আইনগত ব্যবস্থা নেয়া হবে।

অভিযোগের বিষয়ে সাখাওয়াত হোসেনের বক্তব্য জানতে একাধিকবার ফোন ও হোয়াটসঅ্যাপে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।