জাতীয় অধ্যাপক ডা: ইব্রাহিমের মৃত্যুবার্ষিকী আজ

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাতা জাতীয় অধ্যাপক ডা: মোহাম্মদ ইব্রাহিমের ৩৭তম মৃত্যুবার্ষিকী আজ। তিনি ১৯৮৯ সালের ৬ সেপ্টেম্বর ইন্তেকাল করেন। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি গত ১ সেপ্টেম্বর থেকে ৭ দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে। বারডেম, ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল, বিআইএইচএস জেনারেল হাসপাতাল এবং এনএইচএনসহ সমিতির সব হাসপাতাল ও স্বাস্থ্যসেবা কেন্দ্রে বিনামূল্যে ডায়াবেটিস নির্ণয় ছাড়াও রোগীদের সাশ্রয়ী দামে সেবা দিয়েছে।

মরহুমের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ রোববার সকাল সাড়ে ৮টায় বনানী কবরস্থানে মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ করা হবে। বাদ আসর বারডেম মসজিদে দোয়ার আয়োজন করা হয়েছে। বেলা সাড়ে ১১টায় বারডেম অডিটোরিয়ামে (তয় তলা) স্মরণসভা অনুষ্ঠিত হবে। অধ্যাপক একে আজাদ খানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখবেন ডায়াবেটিক সমিতির মহাসচিব মোহাম্মদ সাঈফ উদ্দিন, বারডেম জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব:) মো: নাছির উদ্দিন আহমেদ। স্মৃতিচারণ করবেন ডায়ালাইসিস ও কিডনি ট্রান্সপ্লান্ট ইউনিটের সাবেক প্রধান অধ্যাপক ডা: মো: আবুল মনসুর।