চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ৫ দিনের রিমান্ডে

Printed Edition

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামের হাটহাজারী থানায় হওয়া চাঁদাবাজির মামলায় নগরীর শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লোকমান হাকিমের আদালত শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।

চট্টগ্রাম জেলা পুলিশের কোর্ট পরিদর্শক হাবিবুর রহমান জানান, হাটহাজারী থানায় দায়ের হওয়া চাঁদাবাজির মামলায় ডেভিড ইমনকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত ২ আগস্ট পৃথক একটি মামলায় চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোতাসিম বিল্লাহর আদালত ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন। ডেভিড ইমন ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর এলাকার মুহাম্মদ মুসার ছেলে।

গত ২৯ জুলাই যশোরের কোতোয়ালি থানার ঝুমঝুমপুর এলাকা থেকে চারজনকে গ্রেফতার করা হয়। ১৩ জুন পাহাড়তলী এলাকায় মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলার তদন্তে পাওয়া তথ্য ও ধারাবাহিক গোয়েন্দা তৎপরতার মাধ্যমে ডেভিড ইমনের অবস্থান শনাক্ত করা হয়।