শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা
অভাব-অনটন আর বাবার আকস্মিক মৃত্যুর শোক পেছনে ফেলে এসএসসি পরীক্ষায় সাফল্যের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে মোসা: ইতি খাতুন। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় মানবিক বিভাগে সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম হয়েছে সে। তবে এই অনন্য মেধার পরও চরম আর্থিক সঙ্কটে এখন তার উচ্চতর লেখাপড়া চালিয়ে যাওয়া নিয়ে তৈরি হয়েছে গভীর অনিশ্চয়তা।
ইতি রানীহাটি বহুমুখী উচ্চবিদ্যালয় থেকে চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশ নেয়। শিবগঞ্জ কেন্দ্রের অধীনে ১২৫০ নম্বরের মধ্যে সর্বোচ্চ ১০৫৮ নম্বর অর্জন করে সে এই সাফল্য অর্জন করে। ফলাফলের বিষয়ে ইতি জানায়, বিদ্যালয়ের শিক্ষকরা পড়ার ব্যাপারে সার্বিক সহযোগিতা করেছেন। পাশাপাশি ‘রানীহাটি কেয়ার কোচিং সেন্টারে’র শিক্ষকেরা প্রয়োজনীয় নোট ও সাজেশন দিয়েছেন। তার এ সাফল্যের পেছনে তার মায়ের উৎসাহ প্রেরণা হিসেবে কাজ করেছে।
পরিবার সূত্রে জানা গেছে, এসএসসি পরীক্ষা চলাকালেই ইতির অসুস্থ বাবা মারা যান। উপার্জনের আর কোনো মাধ্যম না থাকায় বর্তমানে পরিবারটি চরম অর্থকষ্টে দিন কাটাচ্ছে। বাবার অভাব আর আর্থিক সঙ্কট কাটিয়ে কলেজে ভর্তি হওয়া ও ভবিষ্যতের পড়াশোনা কিভাবে চলবে তা নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে ইতির।
ভবিষ্যতে স্বপ্নপূরণে ও লেখাপড়া নির্বিঘেœ চালিয়ে নিতে ব্যাংক-বীমা, বিভিন্ন রাজনৈতিক বা সামাজিক বৃত্তি প্রদানকারী সংস্থা এবং সমাজের হৃদয়বান ব্যক্তিদের সহযোগিতা চেয়েছে ইতি খাতুন। আর্থিক সহযোগিতার জন্য সরাসরি যোগাযোগ করতে পারবেন ০১৭১৩-৮২৮৩৫৮ নম্বরে।


