গত ১৫ বছর আমরা একটি অন্ধকার যুগ অতিক্রম করেছি

কালিগঞ্জের জনসভায় মোয়াজ্জেম হোসেন হেলাল

কালিগঞ্জ (সাতক্ষীরা) সংবাদদাতা
Printed Edition

কালিগঞ্জ (সাতক্ষীরা) সংবাদদাতা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল বলেছেন, স্বাধীনতার পর দীর্ঘ সময় পার হলেও দেশের মানুষের প্রত্যাশিত উন্নয়ন হয়নি। তিনি বলেন, শেখ হাসিনার গত ১৫ বছর ছিল ‘অন্ধকার সময়’। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে তিনি পরিবর্তনের সুযোগ হিসেবে উল্লেখ করেন।

গত শনিবার সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার সোহরাওয়ার্দী উদ্যানে উপজেলা জামায়াত আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মোয়াজ্জেম হোসেন হেলাল বলেন, রাষ্ট্র পরিচালনায় বারবার পরিবর্তন এলেও সাধারণ মানুষের ভাগ্যের মৌলিক উন্নয়ন ঘটেনি। বিভিন্ন সময় বিভিন্ন শাসক উন্নয়নের প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবে প্রতিফলিত হয়নি। তিনি বলেন, ন্যায়, ইনসাফ ও মানবিক মূল্যবোধভিত্তিক নেতৃত্ব ছাড়া কাক্সিক্ষত রাষ্ট্র গঠন সম্ভব নয়।

তিনি দাবি করেন, গত দেড় দশকে সাতক্ষীরাসহ বিভিন্ন এলাকায় রাজনৈতিক সহিংসতা, দমন-পীড়ন ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে। বহু মানুষ প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন তার চেয়েও বেশি। এসব ত্যাগের পর অনুষ্ঠিতব্য নির্বাচন যাতে অবাধ ও সুষ্ঠু হয়, সে আহ্বান জানান তিনি।

জামায়াতকে দেশের ‘সবচেয়ে দায়িত্বশীল সংগঠন’ দাবি করে হেলাল বলেন, নৈতিক ও মানবিক নেতৃত্ব গড়ে তুলতে দল কাজ করছে। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ঐক্যজোট প্রার্থীদের বিজয়ী করার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান তিনি।

জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ভিপি সাদিক কায়েম বলেন, বিভিন্ন আন্দোলন ও আত্মত্যাগের মধ্য দিয়ে নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়েছে। তিনি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের প্রত্যাশা ব্যক্ত করেন এবং জামায়াত প্রার্থীদের পক্ষে ভোট চান।

উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকীর সভাপতিত্বে জনসভায় সাতক্ষীরার বিভিন্ন আসনের প্রার্থী ও জেলা-উপজেলার দলীয় নেতারা বক্তব্য দেন। স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা এতে অংশ নেন।