গোলরক্ষকের নৈপুণ্যে বেলজিয়াম-ইরান ম্যাচ ড্র

বেলজিয়াম ০-০ ইরান

Printed Edition
বেলজিয়ামের ফরোয়ার্ডরা বারবার বাধার মুখে পড়েছেন ইরানের গোলরক্ষক আলি রেজা বেইরানভান্দার গ্লাভসে	 : ইন্টারনেট
বেলজিয়ামের ফরোয়ার্ডরা বারবার বাধার মুখে পড়েছেন ইরানের গোলরক্ষক আলি রেজা বেইরানভান্দার গ্লাভসে : ইন্টারনেট

ক্রীড়া ডেস্ক

গোলপোস্টের নিচে গ্লাভস হাতে দুর্দান্ত ছিলেন আলি রেজা বেইরানভান্দ। তার দারুণ নৈপুণ্যে আরেকটি মূল্যবান পয়েন্ট আদায় করে নিলো ইরান। বেলজিয়ামের বিপক্ষে গতকাল গোলশূন্য ড্র নিয়ে ফিরেছে মধ্যপ্রাচ্যের দেশটি। আর তাতে জয়হীন যাত্রা আরো দীর্ঘ হলো ফিফা র‌্যাংকিংয়ে ১০ নম্বরে থাকা ইউরোপের দেশটি। পুরো ম্যাচে বল দখলের পাশাপাশি আক্রমণেও আধিপত্য ছিল বেলজিয়ামের। তবে রোমেলু লুকাকুরা গোলমুখে কার্যকর হতে পারলেন না। দুর্দান্ত সব সেভ করলেন বেইরানভান্দ।

‘জি’ গ্রুপের ম্যাচটি বেলজিয়াম অনেকটা সময় একজন কম নিয়ে খেললেও সেই সুযোগ কাজে লাগাতে পারেনি ইরান। প্রথম ম্যাচে ড্র’র পর গতকালও গোলশূন্যভাবে মাঠ ছড়ায় ২ পয়েন্ট নিয়ে ‘জি’ গ্রুপের দ্বিতীয় স্থানে আছে ইরান। সমান পয়েন্ট নিয়ে তিনে বেলজিয়াম। ১ পয়েন্ট নিয়ে তলানিতে আছে নিউজিল্যান্ড।

ক্যালিফোর্নিয়ার সোফি স্টেডিয়ামে পুরো ম্যাচে ৬৮ শতাংশ বল পজিশনে রেখে গোলের জন্য ২২টি শট নিয়ে সাতটি লক্ষ্যে রেখে গোল আদায় করতে পারল না বেলজিয়াম। অপরদিকে সাত শটের তিনটি টার্গেটে ছিল ইরানের। শুরুতেই আঘাত পান বেলজিয়ামের জয়বঞ্চিত করা ম্যাচের নায়ক বেইরানভান্দ! কেভিন ডি ব্রুইনার ক্রসে ছয় গজ বক্সে পাঠানো বল ক্লিয়ারের জন্য এগিয়ে আসা গোলরক্ষকের বুকে সøাইড করতে আসা সজোরে লাগে লুকাকুর পা। এতে

খেলা বন্ধ থাকে কিছুক্ষণ। চিকিৎসা নিয়ে আবার খেলা চালিয়ে যান ৩৩ বছর বয়সী এই গোলরক্ষক।

শুরু থেকে বল দখলে আধিপত্য করে বেলজিয়াম। ১১ মিনিটে বক্সে লিয়ান্দ্রো ট্রোজাডের শট রক্ষণে প্রতিহত হওয়ার পর মাক্সিম ডি কাইপারের শট ঠেকান বেইরানভান্দ। ১৪ চতুর্দশ মিনিটে থিবো কর্তোয়ার দৃঢ়তায় বেঁচে যায় বেলজিয়াম। পেনাল্টি স্পটের কাছ থেকে হোসেন কানানির জোরাল শট ঝাঁপিয়ে ব্যর্থ করে দেন রিয়াল মাদ্রিদের এই গোলরক্ষক। ২৫ মিনিটে এহসান হাজিসাফির ফ্রি-কিক বক্সে দারুণভাবে নিয়ন্ত্রণে নিয়ে জালে পাঠান মেহদি তারেমি। উল্লাসে মাতে ইরান শিবির। কিন্তু ভিএআরের সাহায্যে অফসাইডের বাঁশি বাজান রেফারি।

প্রতিপক্ষের রক্ষণে আক্রমণে বারবার আধিপত্য দেখালেও শেষ পর্যন্ত খেই হারিয়ে ফেলছিল বেলজিয়াম। প্রথমার্ধের শেষ দিকে ডি কাইপারের ভলি ফিরিয়ে দেন বেইরানভান্দ। ৫৩ মিনিটে আরেকবার বেলজিয়ামকে বাঁচান কর্তোয়া। তারেমির জোরাল শট ঠেকিয়ে দেন অভিজ্ঞ এই গোলরক্ষক। ৬০ মিনিটে গোল পেয়েই যাচ্ছিল প্রায় বেলজিয়াম। বাঁ দিকের বাইলাইনের কাছ থেকে ডি ব্রুইনার চমৎকার কাট-ব্যাক ইরানের ডিফেন্ডার ঠেকিয়ে দেয়ার পর, কাছ থেকে শট নেন ডি কাইপার। বেইরানভান্দ আগেই পড়ে গিয়েছিলেন মাটিতে, শুয়ে থাকা অবস্থাতেই এক হাতে বল ঠেকিয়ে দেন তিনি। ৬৭ মিনিটে বড় এক ধাক্কা খায় বেলজিয়াম। মাঝমাঠের কাছ থেকে গোলরক্ষককে ব্যাক-পাস দেয়ার চেষ্টায় নাতাঁ উঙ্গয় বলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং তিনিই শেষ ডিফেন্ডার হিসেবে পেছন থেকে টেনে ফেলে দেন তারেমিকে। সরাসরি লাল কার্ড দেখান রেফারি। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারেনি ইরান। গোলশূন্য ড্র নিয়েই শেষ পর্যন্ত মাঠ ছাড়ে দুই দল।