প্রযুক্তি ডেস্ক
গুগলের ডেভেলপার কনফারেন্সের অন্যতম বড় আসর হচ্ছে ‘গুগল আই/ও’। এবারের আয়োজনটি অনুষ্ঠিত হবে ১৯ ও ২০ মে। বরাবরের মতোই যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে মূল আয়োজনটি চললেও গুরুত্বপূর্ণ সেশন ও বিভিন্ন ঘোষণা লাইভস্ট্রিম বা সরাসরি ইন্টারনেটে দেখা যাবে। গুগল সাধারণত ইভেন্টের প্রথম দিন অর্থাৎ ১৯ মে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় দুপুর ১টায় উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে তাদের বড় ঘোষণাগুলো সামনে আনে। একই দিনে পরবর্তীতে ডেভেলপারদের জন্য বিশেষ আরেকটি সেশন অনুষ্ঠিত হয়। এবারের অনুষ্ঠানের মূল আকর্ষণ হবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। গেল ফেব্রুয়ারিতে এক ব্লগ পোস্টে গুগল বলেছিল, জেমিনাই থেকে শুরু করে অ্যান্ড্রয়েড, ক্রোম ও ক্লাউডসহ কোম্পানির বিভিন্ন পণ্যে এআইয়ের নতুন সব উদ্ভাবন ও আপডেট সবার সামনে তুলে ধরার কথা। এ ছাড়া জেমিনাই মডেলের নতুন আপডেট ও কোডিংয়ের ক্ষেত্রে এআইয়ের ব্যবহার নিয়েও বিশেষ কিছু থাকবে। পাশাপাশি নিজেদের কিছু নতুন পণ্যের ব্যবহারিক প্রদর্শনীও রাখবে গুগল। এ ইভেন্টে ‘অ্যান্ড্রয়েড ১৭’ সম্পর্কে বিস্তারিত জানা যাবে। প্রতি বছরই এ সময়ে ডেভেলপারদের অপারেটিং সিস্টেমের নতুন সংস্করণ সম্পর্কে ধারণা দেয়া হয়, যাতে সাধারণ মানুষের কাছে পৌঁছানোর আগেই তারা নিজেদের বিভিন্ন অ্যাপকে নতুন সব ফিচারের উপযোগী করে গড়ে তুলতে পারেন। তবে বলে রাখা ভালো, গুগল এখন বড় কোনো বার্ষিক আপডেটের চেয়ে পিক্সেল ড্রপ বা ছোট ছোট অ্যান্ড্রয়েড আপডেটের দিকে বেশি ঝুঁকছে। ফলে ‘আই/ও’তে দেখানো সব ফিচার হয়তো এখনই ব্যবহারকারীদের হাতে আসবে না।



