পুতিনকে যুদ্ধ বন্ধের আহ্বান কাজাখ প্রেসিডেন্টের

Printed Edition
ওমস্কে  অনুষ্ঠিত ২২তম রাশিয়া-কাজাখস্তান আন্তঃআঞ্চলিক সহযোগিতা ফোরামে কাজাখস্তানের প্রেসিডেন্ট কাসিম-জোমার্ত তোকায়েভকে স্বাগত জানান রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন  : ইন্টারনেট
ওমস্কে অনুষ্ঠিত ২২তম রাশিয়া-কাজাখস্তান আন্তঃআঞ্চলিক সহযোগিতা ফোরামে কাজাখস্তানের প্রেসিডেন্ট কাসিম-জোমার্ত তোকায়েভকে স্বাগত জানান রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন : ইন্টারনেট

এএফপি

সাইবেরিয়ার ওমস্কে এক বৈঠকে কাজাখস্তানের প্রেসিডেন্ট কাসিম-জোমার্ত তোকায়েভ রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনকে ইউক্রেন যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন। গত শনিবার সাইবেরিয়ার একটি তেল শোধনাগারে ড্রোন হামলা ও আজভ সাগরের তীরবর্তী একটি পর্যটন কেন্দ্রেও হামলা চালিয়েছে ইউক্রেন। ইউক্রেনের হামলায় মস্কোর নিয়ন্ত্রণাধীন একটি শহরে আরো একজন ও রাশিয়ার সীমান্তবর্তী গ্রামগুলোতে দুইজন নিহত হয়েছেন। এ দিকে ভুট্টাবাহী একটি কার্গো জাহাজে রুশ হামলার পর দুই নাবিক নিখোঁজ রয়েছেন।

দখলকৃত ইউক্রেনে রুশ নিয়ন্ত্রিত কর্তৃপক্ষ জানিয়েছে, আজভ সাগরের তীরবর্তী পর্যটন কেন্দ্রে ইউক্রেনের হামলায় ১২ জন নিহত হয়েছেন। কিয়েভ জানিয়েছে, ইউক্রেনের পূর্ব ও দক্ষিণাঞ্চলে রুশ হামলায় পাঁচজন নিহত হয়েছেন। প্রায় সাড়ে চার বছর ধরে চলা এই যুদ্ধে সাম্প্রতিক সময়ে বেসামরিক মানুষের মৃত্যুর সংখ্যা বেড়েছে বলে জাতিসঙ্ঘ সতর্ক করার পর এসব হতাহতের ঘটনা ঘটল। মস্কো জানিয়েছে, ইউক্রেন শনিবার রাশিয়ার বিভিন্ন অঞ্চলে ৩০০টিরও বেশি ড্রোন নিক্ষেপ করেছে, যার মধ্যে দূরবর্তী এলাকাও রয়েছে।

সাইবেরিয়ার তিউমেন অঞ্চলের গভর্নর জানিয়েছেন, এখানে একটি তেল শোধনাগারে আগুন ধরে যায়। অন্য দিকে রাশিয়ার অ্যাথলেটিকস ফেডারেশন জানিয়েছে, ড্রোন হামলার হুমকির কারণে ইউরাল অঞ্চলের ইয়েকাতেরিনবুর্গ শহরে একটি সর্ব-রাশিয়ান ক্রীড়া প্রতিযোগিতা বন্ধ করে দেয়া হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সাইবেরিয়ায় হামলার দায় স্বীকার করেছেন। তিনি বলেন, কিয়েভ কিরভ অঞ্চলের একটি সামরিক কারখানায় টানা দ্বিতীয় দিনের মতো হামলা চালিয়েছে। এর আগের দিন স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছিল, ওই হামলায় পাঁচজন নিহত হয়েছেন। কিয়েভ বলছে, তাদের পাল্টা হামলার লক্ষ্য হলো মস্কোর যুদ্ধ পরিচালনার সক্ষমতা দুর্বল করা এবং ক্রেমলিনকে আলোচনায় বসতে বাধ্য করা।