গ্যাস-বিদ্যুৎ সঙ্কটসহ জনদুর্ভোগ নিরসনে সরকার উদাসীন :নূরুল ইসলাম বুলবুল

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল এমপি বলেছেন, গ্যাস-বিদ্যুৎ সঙ্কটসহ জনদুর্ভোগ নিরসনে সরকার উদাসীন। গণভোটের গণরায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন না করে যেভাবে সরকার পাশ কাটিয়ে যেতে চাচ্ছে, একইভাবে গ্যাস-বিদ্যুৎ সঙ্কটসহ বিদ্যমান জনদুর্ভোগকে পতিত আওয়ামী সরকারের ১৭ বছরের জঞ্জাল দাবি করে নিজেদের ব্যর্থতা ঢাকতে চাচ্ছে। রোববার রাতে রাজধানীর আল-ফালাহ মিলনায়তনে ঢাকা মহানগরী দক্ষিণের থানা ও বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগের সৃষ্ট জঞ্জাল কেন এখনো বিদ্যমান থাকবে- এ প্রশ্ন রেখে তিনি বলেন, তাহলে কি বিএনপি সরকারের করণীয় কিছুই নেই? করণীয় কিছু না থাকলে ব্যর্থতার দায় স্বীকার করে আপনারা ক্ষমতা ছেড়ে দিন। যারা জনগণের নিরসনের পরিবর্তে দুর্ভোগ সৃষ্টি করে, তাদের ক্ষমতায় থাকার নৈতিক কোনো অধিকার নেই।

তিনি বলেন, জনগণের যেকোনো দুর্ভোগ নিরসন এবং জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠা ও নিশ্চিত করতে জনগণের পাশে থাকতে হবে। জনগণের গণদাবি আদায়ে ১১ দলীয় ঐক্যের ঘোষিত লংমার্চ কর্মসূচি সফল করতে দলীয় নেতাকর্মীদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে।

জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্যের প্রতি জনগণের যে ভালোবাসা, সেই ভালোবাসা বজায় রাখতে জনগণের পাশে থাকতে হবে। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জনগণের বিজয় যাতে কেউ ছিনিয়ে নিতে না পারে, সে জন্য সংগঠনের সর্বস্তরের জনশক্তিকে প্রস্তুত থাকতে হবে।

ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপির পরিচালনায় দায়িত্বশীল সমাবেশে উপস্থিত ছিলেন নায়েবে আমির আব্দুস সবুর ফকির এবং অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেন, মোহাম্মদ কামাল হোসেন এমপি, ড. আব্দুল মান্নান ও শামসুর রহমান ও কর্মপরিষদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন এমপি।

এ ছাড়া মহানগরীর কর্মপরিষদ সদস্য যথাক্রমে হাফেজ রাশেদুল ইসলাম এমপি, অধ্যাপক মোকাররম হোসাইন খান, অ্যাডভোকেট এস এম কামাল উদ্দিন, অধ্যাপক নুর নবী মানিক, আবদুস সালাম, ড. মোবারক হোসাইন, কামরুল আহসান হাসানসহ মহানগরীর কর্মপরিষদ সদস্যরা, থানা আমির, বিভাগীয় সভাপতি ও সহ-সভাপতি, থানা নায়েবে আমির, থানা সেক্রেটারি ও সহকারী সেক্রেটারিরা উপস্থিত ছিলেন।