বায়তুশ শরফের রাহবার ও আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশ ট্রাস্ট বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আল্লামা শায়খ মুহাম্মদ আবদুল হাই নদভী (ম.জি.আ) বলেন, রাসূলে কারিম সা:-এর মর্যাদা ও স্মরণকে আল্লাহ তায়ালা সর্বোচ্চ স্থানে অধিষ্ঠিত করেছেন। ইবাদতের মধ্যে রাসূল সা:-এর ওপর সালাত-সালাম পেশ না করলে তা আল্লাহর দরবারে কবুল হয় না। রাসূল সা:-এর আলোচনা কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। ভূতত্ত্ববিদদের মতে মক্কায় রাসূল সা:-এর জন্মস্থান পৃথিবীর সব সমতল ভূমি থেকে উঁচুতে অবস্থিত।
গতকাল বাদ মাগরিব বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশ-এর ব্যবস্থাপনায় পবিত্র মিলাদুন্নবী সা: উদযাপন উপলক্ষে আয়োজিত পাঁচ দিনব্যাপী কর্মসূচির তৃতীয় দিনে তিনি এই কথা বলেন। সকাল ৯টা থেকে বিকেল পর্যন্ত কুরআন তিলাওয়াত, আজান, কিরাত, আরবি ও ইংরেজি বক্তৃতা প্রতিযোগিতা এবং বাদ মাগরিব অনুষ্ঠিত হয় দেশের প্রখ্যাত শায়েরদের পরিবেশনায় বাংলা-উর্দু হামদ-না’তের আসর ‘শানে মোস্তফা সা: মাহফিল’।
আইবা ট্রাস্টের শিক্ষা ও গবেষণা সম্পাদক ড. মাওলানা মুহাম্মদ ওয়ালি উল্লাহ মঈনের সঞ্চালনায় অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন বারাকা শিপ ব্রেকিং অ্যান্ড রিসাইক্লিং-এর চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ শামসুল আলম। তিনি বলেন, বায়তুশ শরফ এমন একটি দরবার যেখানে রাসূল সা:-এর সুন্নাতের বাস্তব চরিত্র আমরা খুঁজে পাই। দ্বীনের এতগুলো মিশনের সমন্বয় অন্যকোনো দরবারে পাওয়া যায় না। স্বাগত বক্তব্য রাখেন- অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশ কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক হাফেজ মোহাম্মদ আমান উল্লাহ। আরো উপস্থিত ছিলেন- সহসভাপতি মুহাম্মদ মাহফুজুর রহমান, মাওলানা আবু ওসমান, মাওলানা হাফেজ এস এম ফোরকান আহমদ, আলহাজ মুহাম্মদ নূরুল ইসলাম, অর্থ সম্পাদক আলহাজ নূরুল কবীর চৌধুরী, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাওলানা আবু সালেহ মুহাম্মদ ছলিমুল্লাহ, আইবা ট্রাস্টের সমাজকল্যাণ সম্পাদক মুহাম্মদ আবদুল কাইয়ুম, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক মাওলানা কাজী শিহাবুদ্দীন, দফতর সম্পাদক অধ্যাপক মোহাম্মদ জামাল উদ্দীন, নির্বাহী সদস্য মুহাম্মদ জাহাঙ্গীর আলম শাকিল, আনজুমনে নওজোয়ানের কেন্দ্রীয় সভাপতি হাফেজ মাওলানা শাহ আলম, সেক্রেটারি কে এম ইমরানুল হক, মাওলানা কাজি জাফর আহমদ, মাওলানা মুফতি মমতাজুল হক আনসারী প্রমুখ।
আগামীকাল চতুর্থ দিনে বাদ মাগরিব ‘গুণীজন সংবর্ধনা ও বায়তুশ শরফ স্বর্ণপদক’ প্রদান অনুষ্ঠান হবে। এতে দেশের খ্যাতনামা চারজন ব্যক্তিত্বকে সংবর্ধিত করা হবে। বিজ্ঞপ্তি।



