চট্টগ্রাম বন্দরে এনসিটির কনটেইনার হ্যান্ডলার আরটিজিতে অগ্নিকাণ্ড

Printed Edition

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালের (এনসিটি) কনটেইনার উঠা-নামার যন্ত্র-আরটিজি-তে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার বেলা আড়াইটার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনায় এনসিটির একাংশে অপারেশনাল কর্মকাণ্ড বন্ধ থাকে সীমিত সময়ের জন্য।

বন্দর সূত্র জানিয়েছে, বন্দরে কনটেইনার সেবার বিশেষায়িত যন্ত্র রাবার টায়ার্ড গ্যান্ট্রি ক্রেন বা আরটিজির ইঞ্জিন থেকে বেলা আড়াইটার দিকে আগুনের সূত্রপাত হয়। এক ঘণ্টা পর বেলা সাড়ে ৩টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের তাপে চারটি কনটেইনার আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে সূত্র জানায়।

বন্দর সচিবের দায়িত্বপ্রাপ্ত চিফ পারসোনাল অফিসার মো: নাসির উদ্দিন জানিয়েছেন, আগুনের সূত্রপাত হলে প্রথম দিকে চট্টগ্রাম বন্দর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে নৌবাহিনীর অগ্নিনির্বাপক দলও যুক্ত হয়। এনসিটির কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলেও তিনি জানান।