ইটনা (কিশোরগঞ্জ) সংবাদদাতা
কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে বাতিল হওয়া মনোনয়নপত্রের বিরুদ্ধে আপিল করে বৈধতা পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী ডা: শাহীন রেজা চৌধুরী। চলতি মাসের ৩ তারিখে তার দাখিলকৃত হলফনামায় স্বাক্ষর না থাকার কারণে মনোনয়নপত্রটি বাতিল হয়েছিল।
পরে তিনি নির্বাচন কমিশনে আপিল করেন। শুনানি শেষে নির্বাচন কমিশন তার মনোনয়ন বৈধ ঘোষণা করে। ফলে এখন কিশোরগঞ্জ-৪ আসনে নির্বাচন করতে আর কোনো বাধা রইল না তার।
ডা: শাহীন রেজা চৌধুরী বলেন, নির্বাচন কমিশনের প্রতি আমার বিশ্বাস ছিল যে আমি বৈধতা ফিরে পাবো। এখন আমার লক্ষ্য কিশোরগঞ্জের ইটনা, মিটামইন ও অষ্টগ্রাম মানুষের পাশে থেকে তাদের সেবা করা। ইনশাআল্লাহ আমি বিজয়ী হবো।



