মাভাবিপ্রবি প্রতিনিধি
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের (বিএসি) স্বীকৃতি অর্জনের প্রস্তুতির অংশ হিসেবে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) ‘কারিকুলাম ম্যানেজমেন্ট ফর বিএসি অ্যাক্রেডিটেশন’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেলের (আইকিউএসি) কনফারেন্স রুমে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। আইকিউএসি আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ বি এম শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন প্রো-ভিসি অধ্যাপক মো: আনিছুর রহমান। সভাপতিত্ব করেন আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. মোস্তফা কামাল নাসির।
উদ্বোধনী বক্তব্যে ভিসি বলেন, উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিত করতে অ্যাক্রেডিটেশন গুরুত্বপূর্ণ। জাতীয় ও আন্তর্জাতিক মানের সাথে শিক্ষা কার্যক্রম সামঞ্জস্যপূর্ণ করতে কারিকুলাম প্রণয়ন, বাস্তবায়ন, মূল্যায়ন ও নিয়মিত পরিমার্জন করতে হবে।



