ধামরাই (ঢাকা) সংবাদদাতা
ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই উপজেলার জয়পুরা সংলগ্ন কেলিয়া ব্রিজ এলাকায় গভীর রাতে মহাসড়কের ওপর বিপুল পরিমাণ মাটি ফেলে অবরোধ সৃষ্টি করে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার রাত আনুমানিক ২টা ৫০ মিনিটে এ ঘটনা ঘটে। এতে মহাসড়কটি সাময়িকভাবে মরণফাঁদে পরিণত হয় এবং উভয় পাশে দূরপাল্লার যান চলাচল বন্ধ হয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি অসাধু চক্র পরিকল্পিতভাবে মহাসড়কের ওপর মাটি ফেলে স্তূপ করে রেখে যায়। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ধামরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল এবং পুলিশ সদস্যরা।
স্টেশন অফিসার আল আমিন খানের নেতৃত্বে ফায়ার সার্ভিস কর্মী, পুলিশ ও শ্রমিকদের যৌথ প্রচেষ্টায় রাস্তা পরিষ্কারের কাজ শুরু হয়। দীর্ঘ সময় চেষ্টার পর মাটি সরিয়ে নেয়া হলে পুনরায় যান চলাচল স্বাভাবিক হয়।
স্টেশন অফিসার আল আমিন খান জানান, মহাসড়কটি সম্পূর্ণভাবে অবরুদ্ধ করে রাখা হয়েছিল, যা বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারত। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কোনো অসাধু চক্র অসৎ উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে। তবে দ্রুত ব্যবস্থা নেয়ায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনার সাথে জড়িতদের শনাক্তে প্রশাসন তদন্ত শুরু করেছে।



