নারী থেকে পুরুষ হওয়ার চেষ্টায় যুবতীর মৃত্যু

Printed Edition

গৌরনদী (বরিশাল) সংবাদদাতা

বরিশালের গৌরনদীতে নারী থেকে পুরুষ রূপান্তরের প্রাক্কালে স্তন অস্ত্রোপচারের পর রোজি আক্তার লিজা (৩১) নামের এক যুবতীর মৃত্যু হয়েছে। নিহত লিজা গৌরনদী উপজেলার মাহিলাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব হাওলাদারের মেয়ে। ঢাকার পান্থপথের ইউনিহেলথ স্পেশালাইজড হাসপাতালে গত শনিবার বিকেলে অস্ত্রোপচারের পর গত রোববার ভোর সাড়ে ৪টার দিকে তার মৃত্যু হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, লিজা ছোটবেলা থেকেই ছেলেদের মতো আচরণ করতেন। কিছুদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ঢাকার যাত্রাবাড়ী এলাকার জেনিফা আক্তার নামের এক যুবতীর সাথে তার পরিচয় হয়। জেনিফা প্রায়ই লিজাদের বাড়িতে এসে থাকতেন। গত ৩ সেপ্টেম্বর জেনিফা লিজাকে পুরুষ নাম ‘সরফরাজ’ হিসেবে ঢাকার পান্থপথের ওই হাসপাতালে ভর্তি করান। সেখানে অপারেশনের আগে সম্মতিপত্রে লিজার ‘স্ত্রী’ পরিচয়ে স্বাক্ষর করেন জেনিফা। লিজার মা ফজিলা বেগম জানান, অপারেশনের খরচ বাবদ দেড় লাখ টাকা জেনিফার হাতে তুলে দেয়া হয়েছিল। তবে লিজার বাবা আব্দুর রব হাওলাদার জানান, অস্ত্রোপচার বা নাম পরিবর্তনের বিষয়ে তিনি কিছুই জানতেন না।

হাসপাতালের ছাড়পত্রে রোগীর নাম ‘সরফরাজ’ এবং লিঙ্গ ‘পুরুষ’ উল্লেখ করা হলেও দায়িত্বপ্রাপ্তদের বক্তব্য পাওয়া যায়নি। জেন্ডার পরিবর্তন অস্ত্রোপচারের প্রশাসনিক ও আইনি অনুমতি ওই হাসপাতালের রয়েছে কি না, তা নিয়ে বিতর্ক দেখা দিয়েছে।

স্থানীয় ও স্বজনরা পুরো ঘটনাটি খতিয়ে দেখে দায়ী চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন। গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল জানান, বিষয়টি জেনেছি। তবে এখনো কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।