চট্টগ্রাম ব্যুরো
গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ফিশিং বোটসহ ১৮ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড। গতকাল বুধবার সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, মঙ্গলবার সকাল ৬টায় ‘এফবি নিশান-২’ নামক একটি ফিশিং বোট ১৮ জন জেলেসহ মাছ আহরণ শেষে সমুদ্র থেকে ফেরার পথে সাঙ্গু গ্যাস ফিল্ডের আনুমানিক ১০ নটিক্যাল মাইল গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকে। পরবর্তীতে বেলা ১টায় উক্ত বোটের একজন জেলে বোট মালিককে কল দিয়ে বিষয়টি জানান। বোট মালিক জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ কল করে সহায়তা চাইলে বিষয়টি কোস্টগার্ড অবগত হয়।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, তৎক্ষণাৎ সমুদ্রে টহলে নিয়োজিত কোস্টগার্ড জাহাজ শ্যামল বাংলা কর্তৃক উক্ত এলাকায় একটি উদ্ধার অভিযান পরিচালনা করে বিকল হওয়া বোটসহ ১৮ জন জেলেকে জীবিত উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জেলেদের প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনীয় খাবার প্রদান করা হয় এবং বোটসহ মালিকপক্ষের নিকট হস্তান্তর করা হয়।



