দেশের হয়ে খেলতে ঢাকায় অ্যাডাম আব্বাস

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

ইংল্যান্ডপ্রবাসী তরুণ ফুটবলার অ্যাডাম আব্বাস ঢাকায় এসেছেন। অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশ দলের হয়ে খেলতে গতকাল ঢাকায় পা রাখেন এ উইঙ্গার। ১৯ বছর বয়সী এ তরুণ শিগগিরই যশোরে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের ক্যাম্পে যোগ দেবেন।

এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইপর্ব সামনে রেখে যশোরের শামসুল হুদা অ্যাকাডেমিতে চলছে বাংলাদেশ দলের প্রস্তুতি। সেখানেই দলের সাথে অনুশীলনে যোগ দেবেন অ্যাডাম। আগামী ৩১ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর উজবেকিস্তানে অনুষ্ঠিত হবে বাছাইপর্বের ম্যাচ। ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক উজবেকিস্তান, সিরিয়া ও ভারত।

অ্যাডামকে বাংলাদেশ দলে অন্তর্ভুক্ত করতে গত কয়েক মাস ধরে কাজ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কারিগরি বিভাগ। গত এপ্রিল মাসে তার খেলার ভিডিও বিশ্লেষণের পর তার সাথে যোগাযোগ শুরু করা হয়। এরপর নাগরিকত্ব, পাসপোর্টসহ প্রয়োজনীয় নথিপত্র ও আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। সব প্রক্রিয়া শেষ হওয়ার পর এবার বাংলাদেশে এলেন এই তরুণ ফুটবলার।

ইংল্যান্ডে বেড়ে ওঠা অ্যাডামের ফুটবলে হাতেখড়ি ম্যানচেস্টার ইউনাইটেডের অ্যাকাডেমিতে। সেখানে চার বছর বয়সভিত্তিক ফুটবলে খেলেছেন তিনি। পরে বার্নলির অনূর্ধ্ব-১৮ দলে যোগ দেন। তবে চোটের কারণে বার্নলির সাথে তার চুক্তি আর নবায়ন হয়নি। উইংয়ে গতি ও আক্রমণ তৈরির দক্ষতার জন্য পরিচিত অ্যাডাম। গোল করার পাশাপাশি সতীর্থদের গোল করাতেও তার সক্ষমতা রয়েছে। আক্রমণভাগের একাধিক পজিশনে খেলার সামর্থ্যও রয়েছে এই তরুণের। এসব গুণ বিবেচনায় অনূর্ধ্ব-২০ দলে অ্যাডামকে গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে দেখছে বাফুফে।