স্থানীয় নির্বাচন দেরি হওয়ায় দুর্ভোগের শিকার জনগণ -ড. হামিদ আযাদ

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেছেন, স্থানীয় নির্বাচন দীর্ঘায়িত হওয়ার কারণে জনগণ বিভিন্নভাবে দুর্ভোগের শিকার হচ্ছে। নির্বাচিত জনপ্রতিনিধিদের পরিবর্তে বিভিন্ন স্থানে প্রশাসক নিয়োগের ফলে স্থানীয় সরকারব্যবস্থা দুর্বল হচ্ছে জানিয়ে তিনি বলেন, স্থানীয় নির্বাচন যত বিলম্বিত হবে, জনগণের দুর্ভোগ তত বাড়বে এবং স্থানীয় সরকারব্যবস্থার সক্ষমতা তত ক্ষতিগ্রস্ত হবে। তাই জনগণের স্বার্থে দ্রুত স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা প্রয়োজন।

গতকাল রাজধানীর উত্তরায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মানবসম্পদ বিভাগের আয়োজনে স্থানীয় সরকার নির্বাচন-বিষয়ক মাস্টার ট্রেইনার প্রশিক্ষণ অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায় তিনি এ কথা বলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন আব্দুস সাদেক ভূঁইয়া।

হামিদুর রহমান আযাদ বলেন, সাফল্য দুই ধরনের- ব্যক্তিগত সাফল্য ও সামষ্টিক সাফল্য। একটি দল রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে সেটিকে দুনিয়াবি অর্থে সামষ্টিক সাফল্য বলা যায়; কিন্তু আখেরাতের সাফল্য ভিন্ন বিষয়। আমাদের লক্ষ্য দুনিয়া ও আখেরাত উভয় ক্ষেত্রেই কল্যাণ অর্জন করা।

তিনি বলেন, ইসলামকে পরিপূর্ণ জীবনব্যবস্থা হিসেবে গ্রহণ করে একটি শাসনব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে জামায়াত। সমাজ ও রাষ্ট্রের ইতিবাচক পরিবর্তনের প্রক্রিয়াই হলো সংগ্রাম। প্রশাসনিক সিন্ডিকেট ভাঙতে হলে নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে জনগণের নেতৃত্বে আসতে হবে। জনমতকে কার্যকর শক্তিতে পরিণত করতে হলে প্রশাসনিক ও সাংগঠনিকভাবে শক্তিশালী হওয়া প্রয়োজন।