নিজস্ব প্রতিবেদক
বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন বলেছেন, ‘আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে তাদের পৈতৃক সম্পত্তি মনে করত। তারা মুক্তিযুদ্ধকে একটি ব্যবসা প্রতিষ্ঠানে পরিণত করে চেতনা বিক্রি করে খেত এবং ভুয়া মুক্তিযোদ্ধা সনদ তৈরি করে অমুক্তিযোদ্ধাদেরও ভাতা দিয়েছে।’
গত বুধবার বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ‘বাংলাদেশী সাংস্কৃতিক জোট’ আয়োজিত দুই দিনব্যাপী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রথম দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিলকিস শিরিন আরো বলেন, ‘প্রকৃত মুক্তিযোদ্ধারা কখনো ভাতার জন্য লালায়িত নন বা সনদের জন্য চিৎকার করেন না, যা আওয়ামী লীগের ভুয়া মুক্তিযোদ্ধারা করেছে। তারা নির্লজ্জভাবে মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা করেছে।’
বক্তব্যে তিনি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে দেশপ্রেমিক জনতাকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। দেশীয় সংস্কৃতিকে সমুন্নত রাখতে ‘সবার আগে বাংলাদেশ’ সেøাগান বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
দেশীয় সাংস্কৃতিক সংসদ বরিশাল মহানগর শাখার সভাপতি মুহাম্মদ আতিকুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, জামায়াতে ইসলামীর বরিশাল মহানগর আমির জহির উদ্দিন মুহাম্মদ বাবর, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহীন, বরিশাল প্রেস ক্লাব সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু এবং জেলা জাসাসের আহ্বায়ক এস এম সাব্বির নেওয়াজ সাগর। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জোটের সদস্য সচিব আযাদ আলাউদ্দীন।
গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠানের সমাপনী দিনে প্রধান অতিথি ছিলেন বরিশাল সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো: মজিবর রহমান সরোয়ার। দুই দিনব্যাপী এই আয়োজনে জোটভুক্ত বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন দেশাত্মবোধক গান ও নাটক পরিবেশন করেছে।



