সিনহুয়া
মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞার হুঁশিয়ারি সত্ত্বেও আসন্ন দুই বছরে বেইজিংয়ের সাথে বাণিজ্যিক সম্পর্ক জোরদারে গভীর আগ্রহ প্রকাশ করেছেন কানাডার ব্যবসায়ীরা। গত শুক্রবার প্রকাশিত কানাডা-চীন চেম্বার অব কমার্সের এক যৌথ জরিপে এই তথ্য উঠে এসেছে।
জরিপের উপাত্ত অনুযায়ী, কানাডীয় ব্যবসায়ী সম্প্রদায়ের ৬৮ শতাংশ উত্তরদাতা বেইজিংয়ের সাথে বাণিজ্যিক লেনদেন বৃদ্ধির আশাবাদ ব্যক্ত করেছেন, যা গত বছর ছিল ৫২ শতাংশ। চায়না নিউজ এজেন্সির (সিনহুয়া) বরাতে জানা যায়, উত্তরদাতাদের ৪৮ শতাংশই চীনকে নিজ নিজ প্রতিষ্ঠানের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশলগত বাজার হিসেবে মনে করেন, যেখানে পূর্ববর্তী বছরের হার ছিল ৩১ শতাংশ। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, উত্তরদাতাদের ৪২ শতাংশই বর্তমানে যুক্তরাষ্ট্র অপেক্ষা চীনকে অনেক বেশি বিশ্বস্ত বাণিজ্য অংশীদার হিসেবে বিবেচনা করছেন। বিপরীতে যুক্তরাষ্ট্রের পক্ষে মত দিয়েছেন মাত্র ২২ শতাংশ কানাডীয় ব্যবসায়ী। এ ছাড়া প্রতি চারজনের তিনজন মনে করেন, চীনা বাজারে যুক্ত হওয়ার ক্ষেত্রে ঝুঁকির তুলনায় সম্ভাবনাই সমান বা বেশি। এমনকি চীনের বাজারে প্রবেশের জটিলতা সংক্রান্ত পূর্ব ধারণাগুলোও শিথিল হয়ে আসছে; বর্তমানে ২৯ শতাংশ ব্যবসায়ী একে কঠিন মনে করলেও গত বছর এই হার ছিল ৪১ শতাংশ।
কানাডা-চীন চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট জুন ডেং জানান, এই পরিসংখ্যান প্রমাণ করে যে চীনের দেয়া অর্থনৈতিক সুযোগের প্রতি কানাডীয় ব্যবসায়ীদের আস্থা প্রতি বছর উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। দুই দেশের বাণিজ্যিক সম্পর্কের নতুন অধ্যায়ে প্রতিষ্ঠানগুলো বেইজিংকে কৌশলগত অংশীদার হিসেবে দেখে সম্ভাব্য লাভের সম্ভাবনা যাচাই করছে। কানাডায় সক্রিয় নানা প্রতিষ্ঠানের মধ্যম ও উচ্চ পদে আসীন ১,০০৮ জন কানাডীয় কর্মকর্তার ওপর দৈবচয়ন পদ্ধতিতে এই অনলাইন জরিপ পরিচালনা করা হয়।



