ডেঙ্গু প্রতিরোধে পরিকল্পনা সভা
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে কিশোর-কিশোরী ও যুব স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় পিরোজপুর সদর উপজেলা অডিটোরিয়ামে জেলা তথ্য অফিস ও ইউনিসেফের যৌথ আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা সিভিল সার্জন ডা: মতিউর রহমান। বিশেষ অতিথি ছিলেন সদর ইউএনও মামুনুর রশীদ ও মেডিক্যাল অফিসার ডা: আরিফ হাসান। জেলা তথ্য অফিসের উপপরিচালক পরীক্ষিৎ চৌধুরীর সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন সহকারী পরিচালক সাইফুদ্দিন আল মাদানী। এতে প্রধান আলোচক ছিলেন ইউনিসেফের এসবিসি অফিসার আব্দুল জলিল। বক্তারা মশার প্রজননস্থল ধ্বংস ও জনসচেতনতা বৃদ্ধিতে যুব স্বেচ্ছাসেবকদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। অনুষ্ঠানে বিডি ক্লিন, পজেটিভ পিরোজপুর ও কদমতলা ইউথ ফাউন্ডেশনের প্রতিনিধিসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের স্বেচ্ছাসেবকেরা অংশ নেন। পিরোজপুর প্রতিনিধি।
৬০ কেজি গঁাঁজাসহ গ্রেফতার ১
গাজীপুর মহানগরীতে একটি পিকআপভ্যানে তল্লাশি চালিয়ে ৬০ কেজি গাঁজাসহ আরিফ ভূঁইয়া (২৭) নামের এক মাদককারবারিকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত রোববার রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ট্রিমোহনী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আরিফ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার বাসিন্দা। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৮ লাখ টাকা। জিএমপির উপপুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) অশোক কুমার পাল জানান, পিকআপভ্যানে করে মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থানের সময় তাকে হাতেনাতে ধরা হয়। এ ঘটনায় গাজীপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মাদক নির্মূলে মহানগর গোয়েন্দা পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে এবং এ অভিযানে কাউকেই কোনো ধরনের ছাড় দেয়া হবে না। গাজীপুর মহানগর প্রতিনিধি।
মাদকের আগ্রাসন রুখতে শপথ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদকের বিস্তার রোধ ও সামাজিক সচেতনতা বাড়াতে বঙ্গসোনাহাট ইউনিয়নবাসীর উদ্যোগে মানববন্ধন ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে বঙ্গসোনাহাট বাজার এলাকায় ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপস্থিত সবাইকে মাদকের বিরুদ্ধে একজোট হয়ে লড়াইয়ের শপথ বাক্য পাঠ করান। মানববন্ধনে বক্তব্য দেন জেলা জামায়াতের আমির আজিজুর রহমান সরকার, সোনাহাট কলেজের অধ্যক্ষ বাবুল আক্তার ও ভূরুঙ্গামারী থানার ওসি আজিমুদ্দিন। বক্তারা অভিযোগ করেন, সীমান্ত ঘেঁষা এই এলাকায় মাদকের অবাধ বিচরণে যুবসমাজ ধ্বংস হচ্ছে। পরিবার ও সমাজে শৃঙ্খলা ফেরাতে মাদককারবারিদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তারা। কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষক, শিক্ষার্থীসহ নানা পেশার মানুষ অংশ নেন। ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) সংবাদদাতা।
গৃহবধূর রহস্যজনক মৃত্যু
সিরাজগঞ্জের তাড়াশে তানিয়া ইসলাম (২২) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের বিষমডাঙ্গা গ্রামে নিজ কক্ষ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকে নিহতের স্বামী শাহ পরান পলাতক রয়েছেন। স্বজনেরা জানান, চার বছর আগে আড়াইহাজারের বাসিন্দা শাহ পরানের সাথে তানিয়ার প্রেমঘটিত বিয়ে হয়। পরিবারের অভিযোগ, রাতে ঘুমিয়ে থাকা অবস্থায় তানিয়াকে হত্যা করে তার স্বামী পালিয়ে গেছেন। তবে তাৎক্ষণিকভাবে হত্যার সুনির্দিষ্ট কোনো কারণ নিশ্চিত করতে পারেনি পুলিশ বা স্থানীয়রা। তাড়াশ থানার ওসি হাবিবুর রহমান জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এটি হত্যা নাকি অন্য কিছু, তা ময়নাতদন্তের প্রতিবেদন পেলে নিশ্চিত হওয়া যাবে। তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতা।
৯৩ শতাংশ মেধানীতি কার্যকর দাবি
তিন পার্বত্য জেলা পরিষদের হস্তান্তরিত সরকারি বিভাগে আইন মন্ত্রণালয়ের ব্যাখ্যা অনুযায়ী ৯৩ শতাংশ মেধাভিত্তিক নিয়োগ চালুর দাবি জানিয়েছে কোটাবিরোধী ঐক্যজোট। গত সোমবার রাঙ্গামাটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে ছয় দফা দাবি তুলে ধরা হয়। সংগঠনটির নেতারা অভিযোগ করেন, পার্বত্য জেলা পরিষদের বর্তমান নিয়োগ প্রক্রিয়া চরম বৈষম্যমূলক। সরকারি আইন ও প্রজ্ঞাপন অনুযায়ী মেধাভিত্তিক নিয়োগ পাওয়ার অধিকার সবার রয়েছে। চাকরির স্বচ্ছতা নিশ্চিতে তারা কেন্দ্রীয়ভাবে প্রশ্নপত্র প্রণয়ন, জেলা প্রশাসনের তত্ত্বাবধানে খাতা মূল্যায়ন ও নির্বাচিতদের তথ্য প্রকাশের দাবি জানান। নেতারা হুশিয়ারি দিয়ে বলেন, অনতিবিলম্বে ৯৩ শতাংশ মেধানীতি কার্যকর না হলে পাহাড়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। একই সাথে দ্রুত সময়ের মধ্যে সব ধরনের বিতর্কিত কোটা পদ্ধতি বাতিল করে যোগ্যতার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া চালুর দাবি জানানো হয়। রাঙ্গামাটি প্রতিনিধি।
সামাজিক সচেতনতায় যুব প্রশিক্ষণ
কিশোরগঞ্জের নিকলীতে যুবসমাজের মধ্যে শান্তি, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধ বাড়াতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদফতর যৌথভাবে এ আয়োজন করে। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইরফানুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইউএনও রেহানা মজুমদার। বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইমতিয়াজ মনির ও সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা জাকির হোসাইন। ইউএনও বলেন, সমাজে শান্তি ফেরাতে তরুণদের ইতিবাচক অবদান রাখা প্রয়োজন। বক্তারা যুবসমাজকে অনর্থক মোবাইলে সময় নষ্ট না করে দক্ষতা অর্জন ও আত্মউন্নয়নে মনোযোগী হওয়ার আহ্বান জানান। পরিবারে সৌহার্দ্য বজায় রেখে মাদকমুক্ত সমাজ গঠনে যুবসমাজকে অগ্রণী ভূমিকা রাখার তাগিদ দেয়া হয় এতে। প্রশিক্ষণে এলাকার যুবক-যুবতী ও সাংবাদিকরা অংশ নেন। নিকলী (কিশোরগঞ্জ) সংবাদদাতা।
বৈদ্যুতিক তার চুরির হিড়িক
টাঙ্গাইলের ভূঞাপুরে ক্রমাগত বাড়ছে বৈদুতিক তার চুরির ঘটনা। সম্প্রতি গোবিন্দাসী হাই স্কুল ও স্থানীয় বাজার মসজিদের সংযোগ তার চুরি হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন পথচারী ও মুসল্লিরা। জানা গেছে, রাতের আঁধারে চোর চক্র বিভিন্ন বাসাবাড়ি, বিদ্যালয় ও ধর্মীয় উপাসনালয়ের তার কেটে নিয়ে যাচ্ছে। এতে যেমন সাময়িকভাবে বিদ্যুৎ সেবা বন্ধ থাকছে, তেমনি চরম আর্থিক লোকসানের মুখে পড়ছেন ভুক্তভোগীরা। ভুক্তভোগীরা দ্রুত এ চক্রটিকে চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন। ভূঞাপুর বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী কামরুজ্জামান জানান, লাইনম্যানদের মাধ্যমে গ্রাহকদের নিয়মিত সচেতন করা হচ্ছে। চোর চক্র ঠেকাতে রাতে ট্রান্সফরমার ও বৈদ্যুতিক লাইনের সুরক্ষায় সতর্ক থাকার অনুরোধ করা হয়েছে। সন্দেহজনক কাউকে দেখলে দ্রুত হটলাইনে বা পুলিশকে জানানোর পরামর্শ দেন তিনি। ভূঞাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা।
প্যাথিডিনসহ ফার্মেসি মালিক আটক
যশোর শহরের দড়াটানা মোড়ের ভৈরব সুপার মার্কেটে অনুমোদনহীন প্যাথিডিন বিক্রির অভিযোগে শাহজাহান নামে এক ফার্মেসি মালিককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। জানা যায়, ট্রপিক্যাল মেডিক্যাল স্টোর নামের দোকানটিতে অননুমোদিত প্যাথিডিন চড়া দামে বিক্রির খবর পেয়ে ডিবির এক সদস্য ক্রেতা সেজে সেখানে যান। তিনি ৩০০ টাকায় একটি প্যাথিডিন কেনেন। ঘটনার সত্যতা নিশ্চিত হওয়ার পর অভিযান চালিয়ে দোকানটি থেকে ৩৫-৪০টি প্যাথিডিন ইনজেকশন উদ্ধার করা হয়। অভিযানকালে দোকানের মালিক শাহজাহানকে আটক করে হেফাজতে নেয়া হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তারা জানান, লাইসেন্স ছাড়া বা প্রেসক্রিপশন ছাড়া এসব বিক্রির ওপর কঠোর নিষেধাজ্ঞা রয়েছে। আটক বিক্রেতার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। যশোর অফিস।



