ভাণ্ডারিয়ায় জাল সনদের দায়ে ২ প্রভাষকের এমপিও বাতিল

Printed Edition

ভাণ্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা

পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার শিয়ালকাঠি টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের দুই প্রভাষকের এমপিও (মান্থলি পেমেন্ট অর্ডার) বাতিল করেছে কারিগরি শিক্ষা অধিদফতর। জাল শিক্ষাগত সনদ ব্যবহার এবং সরকারি নীতিমালা লঙ্ঘন করে এমপিওভুক্ত হওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় এ ব্যবস্থা নেয়া হয়েছে। পাশাপাশি এমপিও বাবদ উত্তোলিত সরকারি অর্থ রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

কারিগরি শিক্ষা অধিদফতরের পরিচালক (পিআইইউ) প্রকৌশলী মো: মাকসুদুর রহমান স্বাক্ষরিত গত ১০ জুনের এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

এমপিও বাতিল হওয়া শিক্ষকরা হলেন কলেজটির হিসাবরক্ষণ বিভাগের প্রভাষক বিজন চন্দ্র হাওলাদার এবং কম্পিউটার অপারেশন বিভাগের প্রভাষক মো: রফিকুল ইসলাম।

অফিস আদেশে বলা হয়, বিজন চন্দ্র হাওলাদার এইচএসসি (বিএম) শিক্ষাক্রমে হিসাবরক্ষণ স্পেশালাইজেশন শাখার সরকারি অনুমোদন (জিও) না থাকা সত্ত্বেও এমপিওর জন্য আবেদন করে সুবিধা গ্রহণ করেন।