নিজস্ব প্রতিবেদক
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-৬ নির্বাচনী এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা ও পথসভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
গতকাল শুক্রবার বিকেলে এই প্রচারণার বিশেষ আকর্ষণ ছিল দলটির ‘মাল্টিমিডিয়া নির্বাচনী বাস’, যা স্থানীয় ভোটার ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক কৌতূহল ও প্রাণচাঞ্চল্য সৃষ্টি করে। গতকাল বিকেল ৩টায় গেন্ডারিয়ার দয়াগঞ্জ মোড় থেকে একটি বিশাল মিছিলের মাধ্যমে প্রচার কার্যক্রম শুরু হয়। মিছিলটি পুরান ঢাকার গুরুত্বপূর্ণ সড়ক ও সূত্রাপুর এলাকা প্রদক্ষিণ করে ঐতিহাসিক বাহাদুর শাহ পার্কে গিয়ে পথসভার মাধ্যমে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৬ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ড. আব্দুল মান্নান।
পথসভায় তিনি বলেন, জামায়াতকে নির্বাচিত করলে এ দেশে কারো ধর্মীয় উপাসনালয় পাহারা দেয়ার প্রয়োজন হবে না। আমরা সব ধর্মের মানুষের পূর্ণ সহাবস্থান ও নিরাপত্তা নিশ্চিত করব। তিনি জানান, ঢাকা-৬ এলাকার ড্রেনেজ ব্যবস্থা, তীব্র যানজট ও অবকাঠামোগত সমস্যাগুলো তিনি চিহ্নিত করেছেন এবং নির্বাচিত হলে অগ্রাধিকার ভিত্তিতে এসবের সমাধান করবেন। তিনি আগামী নির্বাচনে ‘আজাদীর পক্ষে’ এবং ‘হ্যাঁ’ ভোটে অংশ নিয়ে জামায়াতকে জয়ী করার জন্য এলাকাবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান। ওই দিন প্রচারণার মূল কেন্দ্রবিন্দু ছিল জামায়াতের সজ্জিত ‘মাল্টিমিডিয়া বাস’। বাসের গায়ে থাকা ডিজিটাল স্ক্রিনে দলের উন্নয়ন পরিকল্পনা ও ইশতেহার প্রদর্শিত হচ্ছিল, যা পথচারীদের বিশেষ দৃষ্টি আকর্ষণ করে। মিছিল ও গণসংযোগ শেষে বাহাদুর শাহ পার্কে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে দিনের কর্মসূচি সমাপ্ত ঘোষণা করা হয়। কর্মসূচিতে স্থানীয় জামায়াত ও ছাত্রশিবিরের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।



