ভালুকায় বিরিয়ানি খেয়ে অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ

Printed Edition

ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা

ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ির চেচুয়ার মোড় এলাকায় অবস্থিত গ্লোবাল সুজ নামে একটি জুতার কারখানায় বিরিয়ানি খেয়ে অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। গত বৃহস্পতিবার কারখানায় সরবরাহ করা ইফতার খাওয়ার পরপরই শ্রমিকদের মধ্যে বমি, পেটব্যথা ও মাথা ঘোরার উপসর্গ দেখা দেয়।

কারখানার সুয়িং ইনচার্জ কামরুল ইসলাম জানান, সিডস্টোর বাজার খান হোটেল থেকে আনা বিরিয়ানি শ্রমিকদের দেয়া হয়। খাবার খাওয়ার কিছুক্ষণ পরই একে একে শ্রমিকরা অসুস্থ হয়ে পড়েন। পরে দ্রুত তাদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন ক্লিনিক ও ভালুকা সরকারি হাসপাতালে নেয়া হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

অসুস্থ শ্রমিকদের কয়েকজন জানান, খাবার খাওয়ার পর থেকেই তাদের বমি ও তীব্র পেটব্যথা শুরু হয়। এতে কারখানায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে খাবারে বিষক্রিয়ার কারণে এ ঘটনা ঘটেছে। অসুস্থ শ্রমিকদের চিকিৎসা দেয়া হয়েছে। অনেককে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।