পাকিস্তান ও মালদ্বীপে বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপিত

Printed Edition
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়  : পিআইডি
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে জাতীয় পতাকা উত্তোলন করা হয় : পিআইডি

নয়া দিগন্ত ডেস্ক

পাকিস্তানের ইসলামাবাদ ও মালদ্বীপের মালেতে বাংলাদেশ হাইকমিশনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।

সরকারি তথ্য বিবরণীতে জানানো হয়, ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশন যথাযোগ্য মর্যাদা, উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করেছে। এ উপলক্ষে দূতাবাস প্রাঙ্গণ বর্ণাঢ্য ব্যানার, ফেস্টুন ও পোস্টারে সুসজ্জিত করা হয়।

সকালে দূতাবাস প্রাঙ্গণে সব কর্মকর্তা-কর্মচারীর উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো: ইকবাল হোসেন খান। এ সময় সমবেতকণ্ঠে জাতীয় সঙ্গীত গাওয়া হয়।

পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে আলোচনা পর্ব শুরু হয়। তারপর মহান স্বাধীনতা যুদ্ধে শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়। অনুষ্ঠানে স্বাধীনতা দিবসের ওপর একটি প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানিয়ে হাইকমিশনার মহান মুক্তিযুদ্ধের সব শহীদের রূহের মাগফিরাত কামনা করেন এবং সব বীরাঙ্গণা, রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে হাইকমিশনার বলেন, স্বাধীনতা বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন। ২৫ মার্চ ১৯৭১-এর কালরাতে পাকিস্তানি দখলদার বাহিনী ‘অপারেশন সার্চলাইট’-এর নামে বাংলাদেশের নিরস্ত্র স্বাধীনতাকামী মানুষের ওপর ইতিহাসের অন্যতম নৃশংস গণহত্যা চালায়। এরপর গণহত্যা প্রতিরোধের মধ্য দিয়েই শুরু হয় দীর্ঘ ৯ মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধ। এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত আমাদের স্বাধীনতাকে অর্থবহ করার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ ও আন্তরিকভাবে সচেষ্ট হতে হবে।

মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনে মহান স্বাধীনতা দিবস উদযাপন

মালদ্বীপ থেকে প্রতিনিধি জানান, মালদ্বীপে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের ৫৫তম বার্ষিকী উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার সূর্যোদয়ের সাথে সাথে দেশটিতে নিযুক্ত বাংলাদেশ চ্যান্সেরি ভবন প্রাঙ্গণে হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারী ও প্রবাসীদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন মিশনের (শ্রম) কাউন্সেলর মো: সোহেল পারভেজ।

দিবসটি উপলক্ষে এ দিন বেলা সাড়ে ১১টায় বাংলাদেশ হাইকমিশনের মিলনায়তনে ঢাকা থেকে পাঠানো রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন যথাক্রমে মিশনের তৃতীয় সচিব সৈয়দ আমজাদ আলী ও হাইকমিশনারের ব্যক্তিগত কর্মকর্তা হাবিবুর রহমান।

এ সময় দিবসটি উপলক্ষে মহান মুক্তিযুদ্ধের ওপর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করেন আঁধার পেরিয়ে। এরপর মহান মুক্তিযুদ্ধ ও জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানে বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

অনুষ্ঠানে মালদ্বীপে বসবাসরত বাংলাদেশী কমিউনিটি, সাংবাদিক ও মিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।