নয়া দিগন্ত ডেস্ক
দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় এক সাবেক জজসহ মোট ২২ জন নিহত হয়েছেন। এর মধ্যে শুধু টাঙ্গাইলেই যমুনা সেতুর পূর্বপাড়ে রডবোঝাই একটি ট্রাক উল্টে ১৫ জন প্রাণ হারিয়েছেন। এ ছাড়া বগুড়ার শাহজাহানপুরে বগুড়া-ঢাকা মহাসড়কে বাবা- মেয়ে, গাইবান্ধার সুন্দরগঞ্জে সাবেক জজ, গোপালগঞ্জে বাস-মিনিবাস ও প্রাইভেট কারের ত্রিমুখী সংঘর্ষে এক চালক, সিরাজগঞ্জের শাহজাদপুরে একজন, ঝালকাঠীর রাজাপুরে ব্র্যাক কর্মকর্তা, নওগাঁর মহাদেবপুরে মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ৬৬ জন।
টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫
টাঙ্গাইল প্রতিনিধি জানান, টাঙ্গাইলে যমুনা সেতুর পূর্বপাড়ে রডবোঝাই একটি ট্রাক উল্টে ১৫ জন নিহত হয়েছেন। গতকাল ভোরে ঢাকা-টাঙ্গাইল-উত্তরবঙ্গ মহাসড়কে কালিহাতী উপজেলার যোকারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হন অন্তত ৮ জন। তাদের টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত সবাই হকার শ্রেণীর লোক। ঈদ উপলক্ষে কম ভাড়ায় ট্রাকে চড়ে বাড়ি ফিরছিলেন।
নিহতদের মধ্যে ১২ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- নওগাঁর মান্দা উপজেলার রাজেন্দ্রবাড়ী গ্রামের সাকিম মিয়ার ছেলে সাগর মিয়া (২০), শহিদুল ইসলামের ছেলে রবিউল ইসলাম (২৫), আব্দুর রশিদের ছেলে বারিক (২১), রহিমের ছেলে বাদশা (৩২), একাব্বর আলীর ছেলে ইয়াকুব (২০) ও সুলতানের ছেলে তারেক (২০), রাজশাহীর তানোর উপজেলার বাতানপুর গ্রামের আলতাফ হোসেনের ছেলে ইসমাইল হোসেন (১৯), চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নজরুল ইসলাম (৬০), চাঁপাইনবাবগঞ্জ সদরের মামুন (৪৫), নওগাঁর নিয়ামতপুর উপজেলার মালঞ্চী গ্রামের সাইদুলের ছেলে সারিকুল (২৫), নওগাঁর মান্দা উপজেলার পাকুরিয়া গ্রমের রশিদের ছেলে গিয়াস (২০) ও মাইনুল (২৮)।
টাঙ্গাইল ডিএসবি ও যমুনা সেতু পূর্ব থানা পুলিশ জানায়, রডবোঝাই ট্রাকটি (ঢাকা মেট্রো-ট-১২-৫৪৭১) চট্টগ্রাম থেকে উত্তরবঙ্গ যাচ্ছিল। ভোর সোয়া ৪টার দিকে কালিহাতীর যোকারচর এলাকায় ১৮নং ব্রিজের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এতে রডের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ১৫ জন নিহত ও ৮ জন আহত হন। তারা সবাই ফেনীর মহিপাল থেকে ট্রাকে উঠেছিলেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা এসে দ্রুত উদ্ধারকাজ শুরু করেন। তাদের সাথে স্থানীয়রাও অংশ নেন। জানা গেছে দুর্ঘটনার সময় ট্রাকের ওপরে ২৫ জনের মতো আরোহী ছিলেন।
বগুড়ায় বাবা-মেয়ে নিহত
বগুড়া অফিস জানায়, বগুড়া-ঢাকা মহাসড়কের শাজাহানপুর উপজেলার বনানী এলাকায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী মো: আনিসুর রহমান (৩৫) ও মেয়ে আয়েশা (৪) নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন স্ত্রী পুষ্পা আক্তার। গতকাল সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, বগুড়া থেকে ঢাকাগামী একটি মোটরসাইকেল পর্যটন মোটেলের বিপরীত পাশে বনানী এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা একটি অজ্ঞাত গাড়ি সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী মো: আনিসুর রহমান ও তার মেয়ে আয়েশা নিহত হন। গুরুতর আহত হন স্ত্রী মোসাম্মৎ পুষ্পা আক্তার। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক। নিহত আনিসুর পাবনার সুজানগর উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়নের গোপালপুর গ্রামের মো: এরশাদ আলীর ছেলে।
সুন্দরগঞ্জে ট্রাক চাপায় সাবেক জজের মৃত্যু
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন সাবেক জজ আব্দুল আউয়াল (৫৫)। রোববার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের আলহিকমা দাখিল মাদরাসা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আব্দুল আউয়াল বামনডাঙ্গা ইউনিয়নে নিজ নামে জজের মোড়ের মনিরাম গ্রামের সৈয়দ আলী ব্যাপারীর ছেলে। সর্বশেষ গাজীপুরে যুগ্ম দায়রা জজ হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি আইনজীবী হিসেবে গাইবান্ধা জজ কোর্টে কাজ করছিলেন।
গোপালগঞ্জে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১
গোপালগঞ্জ প্রতিনিধি জানান ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জে যাত্রীবাহী বাস, মাইক্রোবাস ও প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষে এক অজ্ঞাত মাইক্রোবাস চালক নিহত হয়েছেন। এ ঘটনায় বাসের যাত্রীসহ অন্তত ৫০ জন গুরুতর আহত হয়েছেন। গতকাল দুপুর দেড়টার দিকে সদর উপজেলার সোনাপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা গোপালগঞ্জগামী ‘কোটালীপাড়া এক্সপ্রেস’ পরিবহনের একটি বাস সোনাপুর এলাকা অতিক্রমের সময় বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মাইক্রোবাসের ঠিক পেছনে থাকা একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটিকে সজোরে ধাক্কা দেয়। ফলে ধাক্কার তীব্রতায় যাত্রীবাহী বাসটি মহাসড়ক থেকে ছিটকে পাশের জমিতে পড়ে যায় এবং মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান মাইক্রোবাসের চালক।
শাহজাদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৫
শাহজাদপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা জানান, উপজেলার বগুড়া-নগরবাড়ি মহাসড়কের মাদলা নামক স্থানে গতকাল ভোরে ইঞ্জিনচালিত অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয় পোতাজিয়াস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তাদের মধ্যে গুরুতর আহত দুইজনকে বগুড়া জিয়া মেডিক্যালে পাঠানো হয়।
রাজাপুরে ব্র্যাক কর্মকর্তা নিহত
রাজাপুর (ঝালকাঠি) সংবাদদাতা জানান, ঝালকাঠির রাজাপুরে মাটি কাটার যন্ত্রের (ভেকু) ধাক্কায় ব্র্যাক কর্মকর্তা সিহাব উদ্দিন (৩৫) নিহত হয়েছেন। গতকাল সোমবার সকালে বরিশাল-ভান্ডারিয়া আঞ্চলিক মহাসড়কের বলাইবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সিহাব উদ্দিন বরিশালের গৌরনদী উপজেলার মাহিলারা গ্রামের মাকসুদুর রহমানের ছেলে। তিনি পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা ব্র্যাক কার্যালয়ে কমিউনিটি ডেভেলপমেন্ট কর্মকর্তা (সিডিও) হিসেবে কর্মরত ছিলেন।
মহাদেবপুরে মোটরসাইকেল চালকের মৃত্যু
মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা জানান, নওগাঁর মহাদেবপুরে মোটরসাইকেল ও ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে আলী জাকের (২৫) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে মোটরসাইকেল আরোহী আরো দুইজন। রোববার দিবাগত রাত ৯টার দিকে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের পিড়ার মোড়ে মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত আলী জাকের পার্শ^বর্তী বদলগাছী উপজেলার যাপনা গ্রামের এনামূল হকের ছেলে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত আহতদের কোনো পরিচয় পাওয়া যায়নি।



