উজিরপুর (বরিশাল) সংবাদদাতা
বরিশালের উজিরপুর উপজেলার ৮৪ নম্বর রাখালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জরাজীর্ণ অফিস কক্ষটি শিক্ষক-কর্মচারীদের জন্য চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বৃষ্টি হলেই ছাদের বিভিন্ন অংশ দিয়ে পানি চুইয়ে পড়ায় সরকারি নথিপত্র সংরক্ষণ থেকে শুরু করে প্রশাসনিক কার্যক্রম পরিচালনা পর্যন্ত ব্যাহত হচ্ছে।
গত মঙ্গলবার দুপুরে সরেজমিন দেখা যায়, বৃষ্টি শুরু হওয়ার সাথে সাথে অফিস কক্ষের বিভিন্ন স্থানে পানি পড়তে থাকে। এতে টেবিল, চেয়ার, আলমারি ও গুরুত্বপূর্ণ সরকারি নথিপত্র ভিজে যাওয়ার উপক্রম হয়। তখন নথিপত্র রক্ষায় শিক্ষকরা ব্যস্ত হয়ে পড়েন। অনেক সময় নিজেরাও ভিজে যাওয়ার হাত থেকে বাঁচতে মাথায় পলিথিন ব্যবহার করে দায়িত্ব পালন করেন তারা।
বিদ্যালয় সূত্র জানায়, ১৯৪৩ সালে প্রতিষ্ঠিত এ বিদ্যালয়ের অফিস কক্ষটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। ভবনটি সংস্কার কিংবা নতুন অফিস ভবন নির্মাণের জন্য একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করা হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর উদ্যোগ নেয়া হয়নি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহানাজ পারভীন বলেন, বৃষ্টি শুরু হলেই অফিস কক্ষে অবস্থান করা কঠিন হয়ে পড়ে। ছাদ দিয়ে পানি পড়ায় শিক্ষক-কর্মচারীদের পাশাপাশি গুরুত্বপূর্ণ নথিপত্রও ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকিতে থাকে। উপজেলা প্রশাসনের খুব কাছাকাছি অবস্থান হওয়া সত্ত্বেও বিদ্যালয়ের জন্য এখন পর্যন্ত একটি পাকা অফিস ভবন নির্মাণ করা হয়নি। বহুবার আবেদন করেও কোনো বরাদ্দ পাওয়া যায়নি।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: শহিদুল ইসলাম বলেন, বিদ্যালয়টির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে বরাদ্দের জন্য তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। বরাদ্দ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আলী সুজা বলেন, তাৎক্ষণিকভাবে সমস্যা কিছুটা লাঘব করতে বিদ্যালয়টিকে ঢেউটিন দেয়া হবে। পাশাপাশি স্থায়ী সমাধানের বিষয়টিও বিবেচনায় রয়েছে।
এ দিকে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা দ্রুত একটি নতুন পাকা অফিস ভবন নির্মাণের দাবি জানিয়েছেন। তাদের মতে, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে জরাজীর্ণ অফিস কক্ষের পরিবর্তে আধুনিক ভবন নির্মাণ এখন জরুরি।



