বিনোদন প্রতিবেদক
বাংলাদেশের ব্যান্ডসঙ্গীতের অন্যতম জনপ্রিয় তারকা পার্থ বড়ুয়া। নব্বই দশকের প্রাক্কালে তিনি ঐতিহ্যবাহী ব্যান্ড ‘সোলস’-এ যোগ দেন। শুরুতে কিবোর্ডিস্ট হিসেবে থাকলেও, পরবর্তীতে তিনি লিড গিটার বাজানো শুরু করেন।
নব্বই দশকের মাঝামাঝি সময়ে ‘আজ দিন কাটুক গানে’ অ্যালবামে তার গাওয়া ‘কেন এই নিঃসঙ্গতা’ গানটি তুমুল জনপ্রিয়তা অর্জন করে। এরপর থেকে পার্থ বড়ুয়া সোলসের গীটারিস্ট এবং ভোকাল শিল্পী হিসেবে নিয়মিত হয়ে ওঠেন। একই সাথে তিনি ব্যান্ডের মূল কম্পোজারের কাজও করেন। বর্তমানে ব্যান্ডের কার্যক্রম মূলত তাকে কেন্দ্র করেই পরিচালিত হয়।
সোলসের সাথে প্রায় ৩৫ বছরের পথচলায় পার্থ বড়ুয়া নব্বই দশককে আলাদাভাবে মূল্যায়ন করেন। বাংলাদেশের ব্যান্ডসঙ্গীতের সোনালি অধ্যায় হিসেবে বিবেচিত এই নব্বই দশকেই তার উত্থান হয়। ফলে সেই সময়টার বিশেষ আবেদন আছে তার কাছে।
তার সেই স্মৃতিকথা শোনা যাবে মাছরাঙা টেলিভিশনের বিশেষ অনুষ্ঠান ‘নাইনটিজ মিউজিক স্টোরি’-তে। কিবোর্ডিস্ট হিসেবে সোলসে এসে পরবর্তীতে মূল শিল্পী হয়ে ওঠা, সেই সময়ের রেকর্ডিং, স্টুডিও কালচার, গানের আড্ডা এবং গান তৈরির গল্পসহ অনেক স্মৃতিকথা বলবেন তিনি এই অনুষ্ঠানে।
রিয়াদ শিমুলের গ্রন্থনা এবং এস এম হুমায়ুন কবিরের প্রযোজনায় অনুষ্ঠানটি প্রচার হবে আজ ২২ নভেম্বর, শনিবার রাত ১২টায়।



