গাজীপুরে ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ গুলি-ককটেল বিস্ফোরণ

Printed Edition

গাজীপুর জেলা প্রতিনিধি

গাজীপুর মহানগরের বাসন থানাধীন বিটিপাড়া এলাকায় ঝুট ব্যবসাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া, গুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয় এবং ঝুটবোঝাই ট্রাক ও ব্যবসায়ীর কাছ থেকে প্রায় তিন লাখ টাকা লুটের অভিযোগ উঠেছে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের ১৪ নম্বর ওয়ার্ডের বিটিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মহানগরের বাসন থানার বিটিপাড়া এলাকায় অবস্থিত ম্যানেল ফ্যাশন লিমিটেড কারখানার ঝুট ব্যবসা দীর্ঘ দিন ধরে স্থানীয় বিএনপি ও যুবদলের কিছু নেতাকর্মীর নিয়ন্ত্রণে ছিল। অভিযোগ রয়েছে, এ ব্যবসা থেকে পাওয়া লাভের একটি অংশ এলাকার প্রায় ৮০ জন নেতাকর্মীর মধ্যে ভাগ করে দেয়া হতো।

শনিবার সকালে খান ট্রেডিংয়ের প্রোপ্রাইটর কৌশিক খানের সাথে কারখানার ঝুট ক্রয়-বিক্রয়ের চুক্তি অনুযায়ী ঝুট নিতে গেলে নতুন করে বিরোধের সৃষ্টি হয়। এ সময় চৌরাস্তা এলাকার মহানগর ছাত্রদলের সাবেক সহসভাপতি শরীফ আজাদ, বাসন থানা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক নুর ইসলাম দিপু ও মান্নানের নেতৃত্বে একটি পক্ষ কারখানা থেকে ঝুট বের করতে গেলে স্থানীয় আরেক পক্ষ বাধা দেয়।

এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এক পর্যায়ে কয়েক রাউন্ড গুলি ছোড়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে। হামলাকারীদের অনেকের হাতে দেশীয় অস্ত্র ছিল বলেও স্থানীয়রা জানিয়েছেন। এ সময় একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়া হয় এবং ঝুটবোঝাই একটি ট্রাক ও ব্যবসায়ীর কাছ থেকে প্রায় তিন লাখ টাকা লুটের অভিযোগ উঠেছে।