বিনোদন ডেস্ক
মৌসুমী-শাবনূর বাংলাদেশের সিনেমায় নব্বই দশকের সবচেয়ে জনপ্রিয় দুই নায়িকা। তবে বর্তমানে দু’জন দুই দেশে বসবাস করছেন। মৌসুমী আছেন যুক্তরাষ্ট্রে, শাবনূর আছেন কানাডাতে। গত ১৭ ডিসেম্বর ছিল শাবনূরের জন্মদিন। জন্মদিন উপলক্ষে শাবনূর তার একমাত্র ছেলে আইজানকে নিয়ে যুক্তরাষ্ট্র গেছেন। সেখানে গিয়ে প্রথমত তিনি জন্মদিন উদযাপন করেন তারই সিনেমার আরেক নায়ক অমিত হাসান ও তার স্ত্রী লাবণীর সাথে। তবে শাবনূরের কথা শুনে দেখা করতে ফুলেল শুভেচ্ছা নিয়ে ছুটে যান প্রিয়দর্শিনী মৌসুমী। মৌসুমীকে কাছে পেয়ে আনন্দ আর উচ্ছ্বাসে আবেগাপ্লুত হয়ে পড়েন শাবনূর।
বারবার শাবনূর মৌসুমীকে জড়িয়ে ধরছিলেন, আর বলছিলেন মৌসুমীর আরো সুন্দর হয়ে ওঠার কথা। এরপর দু’জন মিলে একসাথে অনেক সময় কাটান, গল্প আড্ডায় মেতে ওঠেন মৌসুমী, শাবনূর, অমিত হাসান। যেন যুক্তরাষ্ট্রের মাটিতে এক টুকরো বাংলাদেশই মনে হচ্ছিল তখন।
মৌসুমী বলেন, ‘খুব মিস করছিলাম শাবনূরকে। কিন্তু যখন শুনলাম সে কানাডা থেকে যুক্তরাষ্ট্রে এসেছে এবং তাও আবার জন্মদিন উপলক্ষে তখন ছুটে গেলাম তার কাছে। দেখা হয়ে আসলেই যে কতটা ভালো লেগেছে তা ভাষায় প্রকাশের নয়। কত কত স্মৃতি আমাদের সেসব গল্পই হচ্ছিল বারবার।’ শাবনূর বলেন, ‘মৌসুমী আপুকে দেখে আমি এত খুশি হয়েছি যে, ঠিক বুঝাতে পারব না।
ভীষণ ভালো এবং স্মরণীয় সময় কাটল আমার এবারের জন্মদিনে। আমার ভক্ত দর্শকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য ভালোবাসায় সিক্ত করার জন্য।’



