স্কটিশদের হারিয়ে টিকে রইল ইংল্যান্ড

Printed Edition

ক্রীড়া ডেস্ক

স্কটল্যান্ডের বিপক্ষে হারলেই সুপার এইটে খেলার সম্ভাবনা মিইয়ে যেত ইংল্যান্ডের। এই দুশ্চিন্তা মাথায় নিয়েই গতকাল স্কটিশদের মোকাবেলায় মাঠে নামে ইংলিশরা। তবে কোনো অঘটন ঘটেনি। সহজ জয়েই সুপার এইটে খেলার সম্ভাবনা টিকিয়ে রাখল হ্যারি ব্রুকরা। আগে ব্যাটিংয়ে নেমে স্কটল্যান্ডের গড়া ১৫২ রানকে ১০ বল হাতে রেখেই টপকে গেল ইংল্যান্ড। ‘সি’ গ্রুপের ম্যাচে ১৫৫ রান করে ৫ উইকেটের জয় টি-২০ বিশ্বকাপের দুইবারের চ্যাম্পিয়নদের।

ইডেন গার্ডেন্সে গতকাল ইংল্যান্ড হেসেখেলে জিতলেও শুরুটা ছিল একেবার অস্বস্তিকর। লক্ষ্য তাড়ায় প্রথম ওভারের তৃতীয় বলে ম্যাকমুলেনের বলে ২ রান করে সাজঘরে ফেরেন ফিল সল্ট। সুবিধা করতে পারেননি জস বাটলারও। পরের ওভারেই ৩ রান করে ব্র্যাড ক্যারির বলে আউট হন তিনি। ১৩ রানে দুই উইকেট হারিয়ে বিপদে পড়ে ইংলিশরা। সেখান থেকে জ্যাকব বেথেল ও টম ব্যান্টনের ৬৬ রানের জুটিতে শুরুর বিপদ কেটে যায়। ডেভিডসনের বলে জুটি ভাঙার আগে বেথেল করেন ৩২ রান। এরপর ৪ রান করে বিদায় নেন অধিনায়ক হ্যারি ব্রুকও। কিন্তু স্যাম কারান (২৮) ফিরলেও উইল জ্যাকসকে নিয়ে শেষ পর্যন্ত দলকে জয় এনে দেন ব্যান্টন। ৪ চার ও ৩ ছক্কায় ৪১ বলে ৬৩ রান করে অপরাজিত থেকে ম্যাচসেরাও হন তিনি। ১৬ রানে অপরাজিত ছিলেন জ্যাকস।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে ১৯.৪ ওভারে অলআউট হয় স্কটল্যান্ড। দলের ৭ ব্যাটারই ছুতে পারেননি দুই অঙ্কের ঘর। ৫ চার ও ২ ছক্কায় সর্বোচ্চ ৪৯ রানের ইনিংস খেলেছেন অধিনায়ক রিচি বেরিংটন। দ্বিতীয় সর্বোচ্চ ৩৩ রান মাইকেল জোন্সের। ৩টি উইকেট নেন আদিল রশিদ। দু’টি করে উইকেট আর্চার ও ডসনের।