নয়া দিগন্ত ডেস্ক
কিশোরগঞ্জের কুলিয়ারচরে ট্রাকচাপায় এক পুলিশ কনস্টেবল এবং গাইবান্ধার সুন্দরগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
কিশোরগঞ্জ প্রতিনিধি জানান,
অটোরিকশা দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধার অভিযানে যাওয়ার পথে এবার নিজেরাই দুর্ঘটনার শিকার হলো হাইওয়ে পুলিশ। কিশোরগঞ্জের কুলিয়ারচরে দাঁড়িয়ে থাকা হাইওয়ে পুলিশের একটি পিকআপ ভ্যানের ওপর মালবাহী ট্রাক উল্টে পড়ে পারভেজ মিয়া (৩০) নামের এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন।
সোমবার রাত ১২টার দিকে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের দাড়িয়াকান্দি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত পারভেজ মিয়া হবিগঞ্জ সদর উপজেলার বাসিন্দা। তিনি ভৈরব হাইওয়ে থানায় কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে একটি অটোরিকশা দুর্ঘটনার খবর পেয়ে ভৈরব হাইওয়ে পুলিশের একটি দল উদ্ধার অভিযানে রওনা হয়। পথে দাড়িয়াকান্দি এলাকায় পৌঁছে তাদের পিকআপ ভ্যানের একটি চাকার হাওয়া কম থাকায় সড়কের পাশে গাড়ি থামিয়ে হাওয়া দেয়া হচ্ছিল। এ সময় পেছন থেকে আসা একটি মালবাহী ট্রাক একটি অটোরিকশাকে পাশ দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের পিকআপ ভ্যানটির ওপর উল্টে পড়ে। এতে গাড়ির ভেতরে থাকা কনস্টেবল পারভেজ মিয়া ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় বাসিন্দারা লাশ উদ্ধার করেন।
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা জানান, গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় আব্দুল হামিদ (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় চালক রামিম মিয়া (১৫) আহত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলার বেলকা ইউনিয়নের জহুরুলের মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল হামিদ বেলকা ইউনিয়নের পশ্চিম বেলকা গ্রামের কলেরকুয়া গ্রামের মৃত খুজিয়া মাহমুদের ছেলে। আহত রামিম মিয়া দহবন্দ ইউনিয়নের উত্তর ধুমাইটারী চান্দের মোড়ের সাখাওয়াত হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে আব্দুল হামিদ জহুরুলের মোড়ে স’মিল-সংলগ্ন এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে হামিদ গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাদের দু’জনকে উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আব্দুল হামিদকে ( ৭০) মৃত ঘোষণা করেন।



