সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা
বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি ব্যারিস্টার রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার বেলা ২টায় সরাইল উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নির্বাচনে সহকারী রিটার্নিং অফিসার আবুবকর সরকারের নিকট তিনি মনোনয়নপত্র জমা দেন। একই দিন বেলা ১১টায় একই আসনে বিএনপি জোটের প্রার্থী মাওলানা জুনাইদ আল হাবিব মনোনয়নপত্র জমা দেন।
এ ব্যাপারে ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, বিএনপির হয়ে দীর্ঘ ১৭ বছর আমি অন্যায়ের বিরুদ্ধে লড়েছি। মানুষের অধিকারের পক্ষে সংগ্রাম করেছি। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে আমার বাবা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস এত বছর বিএনপি করেও একই আসনে আমাকে বাবার পথ ধরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিতে হয়েছে। জনগণের আস্থা ও তাদের অকুণ্ঠ ভালোবাসার টানেই স্বতন্ত্র হিসেবে নির্বাচন করব ইনশাআল্লাহ।



