মাদারগঞ্জে ব্রিজের দুই পাশে নেই রেলিং ঝুঁকি নিয়ে চলছে যানবাহন

Printed Edition

মাদারগঞ্জ (জামালপুর) সংবাদদাতা

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের তেঘরিয়া বাজার-কোয়ালীকান্দি বাজার সড়কের কাটাখালী বিলের ওপর নির্মিত একটি ব্রিজ দীর্ঘদিন ধরে রেলিংবিহীন অবস্থায় পড়ে আছে। দুই পাশের রেলিং ভেঙে পড়ার পর সেগুলোর লোহার রডও চুরি হয়ে গেছে। ফলে ব্রিজটি দিয়ে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে স্থানীয় বাসিন্দা ও যানবাহনকে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ১৯৯৭-৯৮ অর্থবছরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি) কাটাখালী বিলের ওপর ব্রিজটি নির্মাণ করে। চরপাকেরদহ ইউনিয়নের তেঘরিয়া, কোয়ালীকান্দি, পাকরুলসহ ইসলামপুর ও মেলান্দহ উপজেলার আরো সাত-আটটি গ্রামের প্রায় ২০ থেকে ২৫ হাজার মানুষ এই সড়ক ব্যবহার করেন।

কোয়ালীকান্দি গ্রামের বাসিন্দা বারিক আকন্দ বলেন, প্রায় ছয় থেকে সাত বছর আগে ব্রিজটির এক পাশের রেলিং ভেঙে পড়ে। কিছু দিনের মধ্যে অন্য পাশের রেলিংও ধসে যায়। দীর্ঘদিন পড়ে থাকায় রেলিংয়ের লোহার রডগুলোও চুরি হয়ে গেছে। ‘আমরা প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করছি। দ্রুত সংস্কার করা জরুরি’- বলেন তিনি।

স্থানীয় ইউপি সদস্য জগলুল হক রিমু বলেন, ব্রিজটি এলাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি দিয়ে অন্তত ১০টি এলাকার ২০ হাজার থেকে ২৫ হাজার মানুষ নিয়মিত যাতায়াত করেন। রেলিং ভেঙে যাওয়ায় সবাইকে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। দ্রুত ব্রিজটি সংস্কার অথবা নতুন করে রেলিং নির্মাণ জরুরি।

এ বিষয়ে মাদারগঞ্জ উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম বলেন, রেলিংবিহীন ব্রিজটির বিষয়টি সরেজমিন পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।