কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা
ষষ্ঠ জাতীয় চা দিবস উপলক্ষে দেশের চা শিল্পে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে আটটি ক্যাটাগরিতে জাতীয় চা পুরস্কার-২০২৬ প্রদান করা হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ গুণগত মানসম্পন্ন চা উৎপাদনকারী হিসেবে পুরস্কৃত হয়েছে হবিগঞ্জের বাহুবল উপজেলার মধুপুর চা বাগান।
গতকাল রোববার সকালে চায়ের রাজধানী খ্যাত মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভার মহসীন অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে এ পুরস্কার তুলে দেয়া হয়। এবারের প্রতিপাদ্য ছিল- ‘চা শিল্পের উন্নতি, সবুজ হোক অর্থনীতি’। বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব আতাউর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য হাজী মুজিবুর রহমান চৌধুরী।
মধুপুর চা বাগানের পক্ষে পুরস্কার গ্রহণ করেন কেদারপুর টি কোম্পানির পরিচালক ব্যারিস্টার নিহাদ কবির।



