যৌন হয়রানির অভিযোগে মামলা বিপাকে অভিনেতা উইল স্মিথ

Printed Edition
যৌন হয়রানির অভিযোগে মামলা বিপাকে অভিনেতা উইল স্মিথ
যৌন হয়রানির অভিযোগে মামলা বিপাকে অভিনেতা উইল স্মিথ

বিনোদন প্রতিবেদক

বিখ্যাত হলিউড অভিনেতা ও র‌্যাপার উইল স্মিথের বিরুদ্ধে যৌন হয়রানি ও প্রতিহিংসামূলক আচরণের গুরুতর অভিযোগ এনে মামলা করেছেন ভায়োলিন বাদক ব্রায়ান কিং জোসেফ। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের একটি আদালতে গত বুধবার এই মামলাটি করা হয়েছে।

মামলার নথিতে বলা হয়েছে, ২০২৪ সালের নভেম্বরে একটি অনুষ্ঠানের জন্য ব্রায়ানকে নিয়োগ দেন স্মিথ। এরপর থেকেই স্মিথ তার প্রতি ‘শিকারি মনোভাব’ দেখাতে শুরু করেন। ব্রায়ানের অভিযোগ, স্মিথ তাকে মানসিকভাবে বিভ্রান্ত বা ‘গ্রুমিং’ করার চেষ্টা করতেন এবং প্রায়ই বলতেন, তাদের মধ্যে একটি ‘বিশেষ সংযোগ’ রয়েছে।

গত মার্চে লাস ভেগাস সফর চলাকালীন ব্রায়ান তার হোটেলের রুমে একটি অনাকাক্সিক্ষত পরিস্থিতির সম্মুখীন হন। তার রুমের চাবিসহ ব্যাগটি রহস্যজনকভাবে নিখোঁজ হয়। পরে রুমে ফিরে তিনি সেখানে অপরিচিত ব্যক্তির এইচআইভি ওষুধ, মদের বোতল ও একটি চিরকুট পান। চিরকুটে লেখা ছিল- ‘সাড়ে ৫টায় ফিরব, শুধু আমরা দুজন।’ হোটেল নিরাপত্তার তথ্যমতে, স্মিথের ম্যানেজমেন্ট টিমের সদস্য ছাড়া আর কারো সেই রুমে প্রবেশের সুযোগ ছিল না।

ব্রায়ান এই ঘটনাটি পুলিশ এবং স্মিথের প্রতিনিধিদের জানালে তাকে সাহায্য করার বদলে উল্টো চাকরি থেকে বরখাস্ত করা হয়। স্মিথের পক্ষ থেকে তাকে বলা হয়, ‘তুমি এসব মিথ্যা কথা সাজিয়ে বলছ।’

উইল স্মিথ এবং তার প্রতিষ্ঠান ‘ট্রেবল স্টুডিওস’-এর বিরুদ্ধে এই মামলা করা হয়েছে। ব্রায়ান কিং জোসেফ দাবি করেছেন, এই ঘটনার ফলে তিনি চরম মানসিক ট্রমা এবং আর্থিক ক্ষতির শিকার হয়েছেন। বর্তমানে বিষয়টি আদালতে বিচারাধীন।