অবশেষে গ্যালারিতে ভোজিনহার মা

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

২০২৬ ফুটবল বিশ্বকাপের অন্যতম হৃদয়স্পর্শী গল্পটি কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহার। স্পেনের বিপক্ষে প্রথম ম্যাচে অবিশ্বাস্য পারফর্ম করে বিশ্বজুড়ে আলোচনায়। এটি মর্মস্পর্শী হয় তখন, যখন ম্যাচ সেরা পুরস্কার নিয়ে নিজে কাঁদলেন এবং সারাবিশ্বকে কাঁদালেন। অশ্রুসিক্ত নয়নে প্রকাশ করেছিলেন যে, তার মা আনা কান্দিদা ইভোরা কখনো কেপ ভার্দে ছেড়ে বাইরে যাননি, এমনকি যুক্তরাষ্ট্রে এসে ছেলের খেলা দেখার মতো পাসপোর্ট বা ভিসার খরচও তাদের ছিল না। মার্কিন যুক্তরাষ্ট্রের কঠোর ভিসানীতি এবং প্রায় ১৫ হাজার ডলারের সিকিউরিটি বন্ডের কারণে তার মায়ের পক্ষে টিকিট থাকা সত্ত্বেও আমেরিকা আসা সম্ভব হয়নি। এই খবরটি ছড়িয়ে পড়ার পর বিশ্বজুড়ে এক বিশাল সাড়া জাগে। অবশেষে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে গ্যালারিতে নিজের মায়ের উপস্থিতি দেখতে পেলেন।

আন্তর্জাতিক স্তরের ক্যাম্পেইন, কেপ ভার্দে প্রবাসী সম্প্রদায় এবং খোদ মার্কিন প্রশাসন ও ফিফার জরুরি উদ্যোগে সব আইনি ও আমলাতান্ত্রিক জটিলতা কাটিয়ে আনা ইভোরার জন্য মার্কিন ভিসার ব্যবস্থা করা হয়।

উরুগুয়ের বিপক্ষে ম্যাচের সময় সম্প্রচারকারী ক্যামেরায় বারবার গ্যালারিতে বসা আনা ইভোরাকে দেখানো হচ্ছিল। ক্যালিফোর্নিয়ার গ্যালারিতে তিনি যখন ছেলের দলের জন্য গলা ফাটাচ্ছিলেন, ঠিক তখনই ঘটে দিনের অন্যতম সেরা মুহূর্তটি। ফিফা সভাপতি জান্নি ইনফান্তিনো ব্যক্তিগতভাবে আনা ইভোরার আসনে গিয়ে তাকে অভিবাদন জানান এবং পরম মমতায় বুকে জড়িয়ে ধরেন। পরবর্তীতে ইনফান্তিনো নিজেই তার সামাজিক যোগাযোগমাধ্যমে এই বিশেষ মুহূর্তের একটি ভিডিও শেয়ার করেন, যা মুহূর্তেই নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায়।

ভোজিনহার এই আবেগী বক্তব্য স্পর্শ করে মার্কিন কংগ্রেসের ডেমোক্র্যাটিক নেতা হাকিম জেফরিসকে। তিনি তাৎক্ষণিকভাবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং স্টেট ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ করে সব ফি মওকুফসহ আনা ইভোরার ভিসার ব্যবস্থা করার অনুরোধ জানান। মাত্র কয়েক দিনের মধ্যে আনা ইভোরার পাসপোর্ট তৈরি করা হয় এবং প্রায় ২৪ ঘণ্টার দীর্ঘ বিমানযাত্রা শেষে তিনি গ্যালারিতে।

মায়ের উপস্থিতির এই অনুপ্রেরণা মাঠেও কাজে লেগেছে। উরুগুয়ের বিপক্ষে ম্যাচেও দুর্দান্ত লড়াই করে ২-২ গোলের ঐতিহাসিক ড্র আদায় করে নিয়েছে কেপ ভার্দে। ম্যাচ শেষে ফিফাকে দেয়া সাক্ষাৎকারে আনা ইভোরা আবেগাপ্লুত হয়ে বলেন, ‘আমার হৃদয় যেন মুখের কাছে চলে এসেছিল। এটা অবিশ্বাস্য সুন্দর এক অনুভূতি। আমি কেপ ভার্দে এবং যারা আমাদের বিশ্বাস করেছে- তাদের সবার জন্য গর্বিত।’