চট্টগ্রাম ব্যুরো
উত্তর চট্টগ্রামের রাউজানে প্রকাশ্যে গুলি করে যুবদল নেতা মাসুদ হত্যায় মোস্ট ওয়ান্টেড শুটার ইলিয়াস ওরফে ধামা ইলিয়াস পুলিশের হাতে ধরা পড়েছে। পাঁচটি হত্যাসহ ১৮ মামলার আসামি ইলিয়াসকে সোমবার ঢাকা থেকে গ্রেফতার করে গতকাল মঙ্গলবার চট্টগ্রামে আদালতে হাজির করা হয় কড়া নিরাপত্তায়। চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাখাওয়াত হোসেন শুনানি শেষে ইলিয়াসের দুই দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন বলে আদালত সূত্র জানিয়েছে।
গত ১৩ জুন বেলা দেড়টার দিকে রাউজানের পাহাড়তলীর চৌমুহনী বাজারে প্রকাশ্যে গুলি চালিয়ে হত্যা করা হয় রাঙ্গুনিয়া উপজেলা যুবদল নেতা মাসুদুল হক চৌধুরীকে। যুবদল নেতা মাসুদুল হক চৌধুরীকে গুলি করে খুনের মামলার মোস্ট ওয়ান্টেড আসামি ইলিয়াস। সেদিনের ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে তাকে অস্ত্র হাতে দেখা যায়।
মামলার এজাহারে বলা হয়, আসামিদের মধ্যে মাসুদুল হককে প্রথমে গুলি ছোড়েন ইলিয়াস ও দিদারুল। পরে ইউসুফ, জাহেদ ও আবছার দৌড়ে গিয়ে তাকে লক্ষ্য করে আরো কয়েকটি গুলি ছোড়েন।
সেদিনের সিসিটিভি ফুটেজে দেখা যায়, মাসুদুল হক দৌড়াচ্ছেন। পেছনে অস্ত্রধারীরা। একপর্যায়ে একটি মোটরসাইকেলের সাথে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যান তিনি। এ সময় পেছনে থাকা অস্ত্রধারীরা তাকে লক্ষ্য করে একের পর এক গুলি করতে থাকেন। প্রথম দফায় গুলি করে ফিরে যাওয়ার পর ৪০ থেকে ৫০ সেকেন্ড পর গাড়িতে না উঠে আবার এসে গুলি করেন। এরপর সিএনজিচালিত অটোরিকশা নিয়ে তারা চলে যান।



