গরুর গোশত রান্নার অভিযোগে উত্তরপ্রদেশে ৩ নারী গ্রেফতার

Printed Edition

ইন্ডিয়ান এক্সপ্রেস

ভারতের উত্তরপ্রদেশে বাড়িতে গরুর গোশত রান্না ও মজুদ করার অভিযোগে তিন নারীকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার পুলিশ ওই বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করে।

ইন্ডিয়ান এক্সপ্রেসের বরাতে জানা গেছে, একটি বাড়িতে রান্নার উদ্দেশে গরুর গোশত নিয়ে আসা হয়েছে- এমন খবর পেয়ে পুলিশ সেখানে অভিযানে যায়। পুলিশের দাবি, অভিযান চলাকালে বাড়ির চার পুরুষ সদস্য কৌশলে সরে পড়েন এবং উপস্থিত নারীরাও চলে যাওয়ার চেষ্টা করলে তাদের আটক করা হয়। এ সময় ওই বাড়ি থেকে একটি পাতিলে এক কেজি রান্না করা গোশত এবং একটি পলিথিন ব্যাগে আরো এক কেজি কাঁচা গোশত জব্দ করে পুলিশ।

স্থানীয় পুলিশ সুপার (এসপি) অভিষেক সিং জানান, গ্রেফতারকৃত তিন নারী জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন যে উদ্ধারকৃত গোশতগুলো গরুর ছিল এবং পরিবারের অন্য এক সদস্য এগুলো রাজ্যের বাইরে থেকে নিয়ে এসেছিলেন। জব্দ করা গোশতের নমুনা পরীক্ষার জন্য ইতোমধ্যে ফরেনসিক ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে এবং চূড়ান্ত রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে। পুলিশ আরো জানিয়েছে, অভিযুক্ত নারীদের বিরুদ্ধে উত্তরপ্রদেশের গরু জবাই নিষিদ্ধ আইনের আওতায় মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে পলাতক থাকা ওই তিন নারীর স্বামী এবং মুম্বাইয়ে কর্মরত তাদের এক আত্মীয়কে গ্রেফতারের চেষ্টা চলছে। এই গোশত ঠিক কোথা থেকে আনা হয়েছে এবং পরিবারটি আগেও এভাবে গরুর গোশত সংগ্রহ করেছিল কি না, তা খতিয়ে দেখতে পুলিশ আলাদা তদন্ত শুরু করেছে।