প্রশ্ন গোলাম পরওয়ারের

আ’লীগের মিছিলের পেছনে দিল্লির আঁতাত আছে কি না

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

দিল্লির সাথে আঁতাতের কারণেই নিষিদ্ধ ও বিতর্কিত দল আওয়ামী লীগ সারা দেশে মিছিল করার সুযোগ পাচ্ছে কি না- সেই প্রশ্ন তুলে জাতির সামনে সরকারের জবাবদিহিতা দাবি করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত ‘রাসূলুল্লাহ সা:-এর শ্রমনীতি’ শীর্ষক জাতীয় সিরাত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান।

মিয়া গোলাম পরওয়ার বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের আকাক্সক্ষা বাস্তবায়নে ‘জুলাই সনদ’ ও গণভোট আয়োজন জরুরি। জনগণের মতামত ও জুলাইয়ের চেতনা উপেক্ষা করে পুরনো রাজনৈতিক ধারায় ফেরার যেকোনো চেষ্টা বিপ্লবের সাথে বিশ্বাসঘাতকতা হিসেবে গণ্য হবে। জুলাইয়ের হত্যাকাণ্ডে জড়িতদের সাথে রাজনৈতিক সমঝোতা না করে দ্রুত বিচারের দাবি জানান তিনি।

শ্রেণিসংগ্রাম ও নাস্তিক্যবাদী মতাদর্শের সমালোচনা করে তিনি বলেন, কেবল রাসূলুল্লাহ সা:-এর শ্রমনীতি বাস্তবায়নের মাধ্যমেই শ্রমিক-মালিকের ভারসাম্যপূর্ণ সম্পর্ক ও প্রকৃত মুক্তি সম্ভব।

ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমানের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন অধ্যাপক ড. মাওলানা আবদুস সামাদ। এতে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি, ড. রেজাউল করিম এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবিদ ও আইনজ্ঞরা বক্তব্য রাখেন।