ময়মনসিংহ ও কিশোরগঞ্জে নারী-শিশুসহ নিহত ৪

Printed Edition

নয়া দিগন্ত ডেস্ক

ময়মনসিংহ ও কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো তিনজন। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

ময়মনসিংহে নিহত ২

ময়মনসিংহ অফিস জানায়, ময়মনসিংহ-নেত্রকোনা সড়কের সদর উপজেলার রঘুরামপুর এলাকায় মঙ্গলবার (২১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মাহেন্দ্র ও লরির মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ দুইজন নিহত এবং আরো দুইজন আহত হয়েছেন।

নিহতরা হলেন- সদর উপজেলার বওলী গ্রামের রাবিয়া খাতুন (৬৫) এবং হিরনপুর গ্রামের আঠার মাসের শিশু তৌফিক।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক মহসীন জানান, বিপরীত দিক থেকে আসা একটি লরির সাথে মুখোমুখি সংঘর্ষে ময়মনসিংহগামী মাহেন্দ্রটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই রাবিয়া খাতুন ও শিশু তৌফিক নিহত হয়।

এ ঘটনায় তৌফিকের মা খাদিজা (৩২) এবং মাহেন্দ্র চালক মাহবুব গুরুতর আহত হন।

পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে দুর্ঘটনায় জড়িত লরিটি আটক করা সম্ভব হয়নি।

ভৈরবে ট্রাক চাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

বাসস জানায়, কিশোরগঞ্জের ভৈরবে ঢাকা-সিলেট মহাসড়কে সড়ক দুর্ঘটনায় দুই মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আরো একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

মঙ্গলবার বিকেলে সৈয়দ নজরুল ইসলাম সড়ক সেতুতে এই দুর্ঘটনা ঘটে। পরে ঘাতক ট্রাকসহ চালককে আটক করেছে হাইওয়ে পুলিশ।

নিহতরা হলেন- ভৈরব পৌর শহরের চন্ডিবের এলাকার মো: দুলাল মিয়ার ছেলে আব্দুল্লাহ মিয়া (৩৮) ও পলতাকান্দা এলাকার মৃত কালাম মিয়ার ছেলে মোমেন (৩৫)। আহত নিপু ভৈরবপুর দক্ষিণপাড়া এলাকার সেলিম মিয়ার ছেলে। তাকে আশঙ্কাজনক অবস্থায় বাজিতপুরের ভাগলপুর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। নিহত ও আহত তিনজনই পেশায় মাছ ব্যবসায়ী।

স্থানীয়রা জানান, বিকেলে ভৈরব থেকে আশুগঞ্জের উদ্দেশে একটি মোটরসাইকেলে তিনজন রওনা দেন। তারা সৈয়দ নজরুল ইসলাম সেতুতে পৌঁছালে পেছন থেকে দ্রুতগতির একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আব্দুল্লাহ মিয়ার মৃত্যু হয়। গুরুতর আহত মোমেনকে ঢাকায় নেয়ার পথে মারা যান। অপর আরোহী নিপুকে গুরুতর আহতাবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।