কুমিল্লা প্রতিনিধি
বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (বিজিডিসিএল) উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস বিতরণ ব্যবস্থা ও গ্রাহক সেবা নিয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার দুপুরে শহরের সুর সম্রাট আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গনের মিলনায়তনে অনুষ্ঠিত গণশুনানি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। সভাপতিত্ব করেন বিজিডিসিএলের মহাব্যবস্থাপক নাহিদ বানী ইসলাম।
গণশুনানিতে বক্তারা দাবি করেন, ব্রাহ্মণবাড়িয়ায় উৎপাদিত গ্যাস আগে জেলার চাহিদা পূরণে ব্যবহার করতে হবে এবং চলমান গ্যাস সঙ্কট দ্রুত নিরসনের আহ্বান জানান তারা। গণশুনানিতে অংশগ্রহণকারীরা গ্যাস সেবা উন্নয়ন ও নিরাপদ সরবরাহ নিশ্চিতের দাবি জানান।
বিজিডিসিএলের পক্ষ থেকে জানানো হয়, জেলায় অতিরিক্ত দুই মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ বাড়ানো হবে। এ ছাড়া লিকেজ ও অপচয় রোধে রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
গণশুনানিতে পুলিশ সুপার শাহ মো. আব্দুর রউফ, বিজিডিসিএলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোহাম্মদ ফজলে আলম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, জেলা জামায়াতের আমির মোবারক হোসাইনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।



