পাবনায় ৮ কুকুরছানা হত্যায় মামলা : সরকারি কর্মকর্তার স্ত্রী গ্রেফতার

Printed Edition

পাবনা প্রতিনিধি

পাবনার ঈশ্বরদীতে মা কুকুরের অগোচরে আটটি কুকুরছানাকে বস্তাবন্দী করে পুকুরে ডুবিয়ে হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। মামলার পর অভিযুক্ত আসামি নিশি রহমানকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ।

গত মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে ঈশ্বরদী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন বািিদ হয়ে ঈশ্বরদী থানায় এই মামলাটি করেন।

ঈশ্বরদী থানার ওসি আ স ম আবদুন নূর মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ‘প্রাণী কল্যাণ আইন’২০১৯ এর ৭ ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের কর্মকর্তা হাসানুর রহমান নয়নের স্ত্রী নিশি রহমানকে আসামি করা হয়েছে।’

এ দিকে মামলার পরপরই রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত আসামি নিশি রহমানকে গ্রেফতার করেছে পুলিশ।

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে এ তথ্য নিশ্চিত করে জানান, মামলার পর গত রাত দেড়টার দিকে অভিযান চালিয়ে ঈশ্বরদী পৌর সদরে রহিমপুর গার্লস স্কুলের পাশে বিদ্যুতের বাসার চারতলা থেকে তাকে গ্রেফতার করা হয়। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

ঈশ্বরদী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন বলেন, ‘ঘটনাটি বিভিন্ন গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে আলোচিত সমালোচিত হয়েছে। যে কারণে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার ফোন করেছিলেন। তিনি বলেছেন, এই ঘটনা অমানবিক। এই ঘটনা দেশের ভাবমূর্তি ক্ষুণœ করেছে। তাই প্রাণী হত্যায় জড়িতদের কোনো ছাড় দেয়া হবে না। এ ছাড়াও মহাপরিচালকও ফোন করে মামলা দায়ের করার নির্দেশনা দিয়েছেন।’