নিজস্ব প্রতিবেদক
রাজধানীর উত্তরায় বাবার সামনে থেকে অপহরণের শিকার দশম শ্রেণীর এক শিক্ষার্থীকে ৯ দিন পর উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত অভিযোগে লামীম ইসলাম নামে এক কিশোরকে গ্রেফতার করা হয়েছে। গতকাল শনিবার গাজীপুরের পুবাইল এলাকা থেকে ওই শিক্ষার্থীকে উদ্ধার এবং অভিযুক্তকে গ্রেফতার করা হয়।
উত্তরা পূর্ব থানা পুলিশ জানায়, গত ২২ এপ্রিল দুপুরে উত্তরার ৬ নম্বর সেক্টরে ওই অপহরণের ঘটনা ঘটে। ঘটনার পর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায়, উত্তরা ৬ নম্বর সেক্টরের ৫ নম্বর রোডে স্কুল থেকে পরীক্ষা শেষে বাবার সাথে বাসায় ফিরছিল ওই শিক্ষার্থী। হঠাৎ সেখানে লামীম উপস্থিত হয়ে ওই শিক্ষার্থীকে টেনেহিঁচড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তার বাবা মেয়েকে বাঁচাতে চেষ্টা করেন। কিন্তু কিছুক্ষণ পরই সেখানে আরো এক যুবক যোগ দেয়। তারা বাবাকে মারধর করে ওই ছাত্রীকে জোর করে একটি প্রাইভেট কারে তুলে নিয়ে যায়।
ঘটনার দিনই ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা উত্তরা পূর্ব থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। মামলার এজাহারে তিনি বলেন, পরীক্ষা শেষে মেয়েকে নিয়ে বাসার উদ্দেশে রওনা হন তিনি। উত্তরা ৬ নম্বর সেক্টরের ৫ নম্বর সড়কে পৌঁছালে অজ্ঞাতনামা ছয় থেকে সাতজন জোর করে তার মেয়েকে একটি গাড়িতে তুলে নিয়ে যায়। এরপরই ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। এরই পরিপ্রেক্ষিতে ঘটনার ৯ দিন পর আধুনিক প্রযুক্তির সহায়তায় গাজীপুরের পুবাইল থেকে ওই শিক্ষার্থীকে উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, অপহরণের ঘটনায় জড়িত প্রধান অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। কী কারণে এই অপহরণের ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এই চক্রের সাথে জড়িত বাকিদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।



